অভীক মিত্র,সিউড়ি - দীর্ঘ কয়েকবছর ধরে অকেজো অবস্থায় রয়েছে ট্যাঙ্কি । রয়েছে জলের ট্যাপ কিন্তু নেই পানীয় জল । ফলে তীব্র জলকষ্টে ভুগছে সিউড়ি বাসস্ট্যান্ড এলাকা । বীরভূম জেলার সদর শহর সিউড়ি ।সিউড়ি বেসরকারি বাসস্ট্যান্ডের পথিক হোটেলের সামনের জলট্যাঙ্কির এই অবস্থা । প্রয়োজনে কিনে জল খেতে হচ্ছে বলে অভিযোগ বাসযাত্রীদের । ভোর থেকে সিউড়ি বেসরকারি বাসস্ট্যান্ড থেকে লোকপুর, বোলপুর,নলহাটি,জয়পুর, রাজগ্রাম,বর্ধমান,বক্রেশ্বর, বরাকর,পারশুন্ডি,পাড়ুই, মুরালপুর,রাজনগর,সালার,আসানসোল,সাইথিয়া, কাটোয়া,চিত্তরঞ্জন,কীনাহার,জামতাড়া,কুন্ডহিত,মুক্তিপুর,বাবুইজোড়,পাথরচাপুড়ী, বহরমপুর,রামপুরহাট,দুমকা সহ একাধিক রুটে বাস চলাচল করে । প্রতিদিন কয়েকহাজার মানুষের সমাগম । সেইরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় কয়েকবছর ধরে অকেজো অবস্থায় থাকা জলট্যাঙ্কি কেন মেরামত করা হয় নি উঠছে প্রশ্ন । বেসরকারি বাসস্ট্যান্ডে আরেকটি জল ট্যাঙ্কি আছে সেখানে ভালো মানের জল পাওয়া যায় না বলে অভিযোগ বাস যাত্রীদের । অকেজো জল ট্যাঙ্কির কাছে গিয়ে দেখা যায়, কলের ট্যাপ রয়েছে শুকনো অবস্থায় সেখানে ফলের পেটি রাখা রয়েছে । ফল বিক্রেতা,স্থানীয় দোকানদার,বাসকমীরা জানায়, "সিউড়ি বেসরকারি বাসস্ট্যান্ডে প্রতিদিন কয়েকহাজার মানুষের সমাগম ঘটে সেখানে একটা অকেজো জলট্যাঙ্কি রয়েছে ভাবায় যায় না । বাধ্য হয়ে মানুষজনকে ১০,২০,৩০ টাকা দিয়ে জলের বোতল কিনে খেতে হচ্ছে । সামনে গ্রীষ্মকাল আসছে । প্রশাসন সমস্যার সমাধান না করলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে ।" ডিওয়াইএফআই জেলা সহসভাপতি রুদ্রদেব বর্মন বলেন, "বাসযাত্রীদের তৃষ্ণার্ত হয়ে জল কিনে খেতে হচ্ছে আরেকদিকে সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উন্নয়নের কথা বলছেন ।"