ডায়মন্ড হারবারে ‘কাটমানি’ ইস্যুতে সরব বিজেপি প্রার্থী, তৃণমূল ও অভিষেকের বিরুদ্ধে কড়া আক্রমণ

ডায়মন্ড হারবারে ‘কাটমানি’ ইস্যুতে সরব বিজেপি প্রার্থী, তৃণমূল ও অভিষেকের বিরুদ্ধে কড়া আক্রমণ

ডায়মন্ড হারবার, মঙ্গলবার: ডায়মন্ড হারবারে ‘কাটমানি’ অভিযোগকে সামনে রেখে সাংবাদিকদের সামনে সরব হলেন বিজেপি প্রার্থী দীপক হালদার। এদিন ভারতীয় জনতা পার্টি-র স্থানীয় কার্যালয়ে ‘জবাব চায় চার্জশিট’ কর্মসূচি থেকে তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন।
দীপক হালদারের দাবি, ডায়মন্ড হারবারে কোনও কাজ করতে গেলেই ‘কাটমানি’ দিতে হয়। তাঁর অভিযোগ, তৃণমূল প্রার্থী সাধারণ মানুষের কাজ সরাসরি না করে বিভিন্ন নেতার কাছে পাঠিয়ে দেন এবং এলাকায় গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হয়েছে। তিনি বলেন, “ডায়মন্ড হারবার মডেল বলে যে দাবি করা হয়, বাস্তবে সেখানে কাটমানি ছাড়া কিছুই হয় না।”
এদিন বিজেপি প্রার্থী আরও অভিযোগ করেন, ‘সেবাশ্রয়’ কর্মসূচির নামে ডায়মন্ড হারবারের একমাত্র স্টেডিয়াম এসডিও গ্রাউন্ড-এর ক্ষতি হয়েছে। বিজেপি ক্ষমতায় এলে খেলাধুলার জন্য উপযুক্ত মাঠ, ব্যাডমিন্টন কোর্ট, সুইমিং পুল এবং যানজট সমস্যার সমাধানে ওভারব্রিজ তৈরির প্রতিশ্রুতিও দেন তিনি।
পাশাপাশি, বিজেপির দেয়াল লিখন এবং প্রচারে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তোলেন দীপক হালদার। তাঁর দাবি, দলের কর্মীদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং শাসকদল প্রচারে বাধা দিচ্ছে।
যদিও এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।