রামনবমীর মিছিল হাওড়ায় শান্তিপূর্ণ, দাবি পুলিশ কমিশনারের

রামনবমীর মিছিল হাওড়ায় শান্তিপূর্ণ, দাবি পুলিশ কমিশনারের

হাওড়ায় রামনবমীর শোভাযাত্রা শান্তিপূর্ণ হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শিবপুর পুলিশ লাইনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনই দাবি করেন হাওড়া সিটি পুলিশের কমিশনার অখিলেশ কুমার চতুর্বেদী। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী মিছিল হয়েছে কিনা অর্থাৎ তা অমান্য করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।নির্দেশ না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।আদালতে রিপোর্ট দেওয়া হবে। উল্লেখ্য, প্রতি বছরের মতো  এবারও রামনবমী উপলক্ষে অঞ্জনি সেনা ও বিশ্ব হিন্দু পরিষদ পৃথক দুটি শোভাযাত্রা করে। কয়েক হাজার রামভক্ত তাতে সামিল হন। ডিজে বাজিয়ে মিছিল হয়। তবে বিগত কয়েক বছর আগে এই শোভাযাত্রা ঘিরে অশান্তি হয়েছিল।তারপর থেকেই কড়া নিরাপত্তায় এই শোভাযাত্রা হয় প্রতি বছর। এবার বিরাট পুলিশ বাহিনী, র‍্যাফ ছাড়াও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নামানো হয়। ছিল ড্রোনের নজরদারি। বাড়ির ছাদের মাথায় ছিল পুলিশ। উল্লেখ্য, এদিন সকালে অঞ্জনি পুত্র সেনা সংগঠনের তরফ থেকে রামনবমীর মিছিল অনুষ্ঠিত হয়। এরপর বিকেলে  রামনবমীর দ্বিতীয় শোভাযাত্রা শিবপুর এক নম্বর গেট থেকে শুরু হয়। বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল ও দুর্গা বাহিনী সংগঠনের পক্ষ থেকে ওই সুবিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। শোভাযাত্রা কাজীপাড়া হয়ে জি টি রোড ধরে হাওড়া ময়দানে আসে।