আগ্নেয়াস্ত্র সহ ধৃত আইএসএফ কর্মী 

আগ্নেয়াস্ত্র সহ ধৃত আইএসএফ কর্মী 
সুভাষ চন্দ্র দাশ,ভাঙড় -  আগ্নেয়াস্ত্র সহ এক আইএসএফ কর্মীকে গ্রেফতার করলো পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ভাঙড়ের উত্তর কাশীপুর থানার রঘুনাথপুর খালপাড় এলাকায়। পুলিশ জানিয়েছে ধৃতের নাম হাবিবুর রহমান মোল্লা। তার বাড়ি ওই এলাকায়। তার কাছ থেকে তিনটি পাইপগান ও দুরাউন্ড গুলি উদ্ধার হয়েছে। 
   পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই এলাকার বাসিন্দা হাবিবুর রহমান মোল্লা এলাকায় আইএসএফ কর্মী হিসেবে পরিচিত। বেশ কিছুদিন ধরেই সে বিভিন্ন এলাকায় অস্ত্র সরবরাহ করছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এদিন তার বাড়ির উপর নজর রাখতে থাকে। রাতে সে বাড়ি ফিরতেই অভিযান চালিয়ে পুলিশ ওই আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে।
     এ বিষয়ে ভাঙড়ের তৃণমূল প্রার্থী সওকাত মোল্লা বলেন, আমরা প্রথম থেকে বলে আসছি এলাকা অশান্ত করতে আইএসএফ বোমা, অস্ত্র মজুত করছে। ওরা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে। পুলিশকে ধন্যবাদ এই ধরনের অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার করার জন্য।
  এ বিষয়ে আইএসএফের জেলা পরিষদ সদস্য রাইনুর হক বলেন, ও আমাদের দলের কোন নেতা বা একনিষ্ঠ কর্মী নয়। হয়তো কখনও আমাদের মিটিং মিছিলে এসে থাকতে পারে। পুলিশ নিরপেক্ষ তদন্ত করে দেখুক। যদি সত্যি এরকম ঘটনা ঘটে থাকে, তাহলে আমাদের দল এই ধরনের ঘটনাকে সমর্থন করে না। সেক্ষেত্রে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।