মলয় সুর, হুগলি: বৃহস্পতিবার চুঁচুড়া সুগন্ধায় কামদেবপুরে শ্রীরামকৃষ্ণ সারদা মন্দিরে শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের ১৯১তম শুভ জন্মতিথি উৎসব পালিত হল। এদিন সকাল থেকেই রামকৃষ্ণ সারদা মন্দির প্রাঙ্গণে ভক্ত-অনুরাগীদের ঢল, আর মন্ত্রোচ্চারণে আশ্রম জুড়ে তৈরি হয় পবিত্র ও শান্তিময় পরিবেশ। মন্দির সূত্রে জানা যায়, সারাদিন ব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এদিন শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের তিথি পূজা সম্পন্ন হয়। সকাল থেকে শুরু হয় মঙ্গলারতি, বেদান্ত পাঠ, বিশেষ পূজা, রামকৃষ্ণ কথামৃত পাঠ, হোম, পুষ্পাঞ্জলি এবং শেষে ভোগ খাওয়ানো। ভোর থেকেই আশ্রমে উপস্থিত বহু ভক্ত সচক্ষে এই মহতি আয়োজনে শামিল হন। মন্দিরের প্রধান কর্ণধার অরিন্দম ধর বলেন, তিনি ঠাকুরের আদর্শ, ভালোবাসা, নিঃস্বার্থতা ও মানবসেবার প্রতি আসক্ত হয়ে নিষ্ঠার সাথে কাজ করে চলেছেন। সারাদিন ভক্তিমূলক সঙ্গীত ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। এদিন সন্ধ্যায় ভক্তিগীতি পরিবেশন করেন শিল্পী অভিনন্দা ধর। সকল শ্রোতারা এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন তাঁর অসাধারণ কণ্ঠে। কমিটির সদস্য প্রদ্যুৎ সিনহা, অবসরপ্রাপ্ত জীবনে ঠাকুর পরমহংসের ধ্যানে দীক্ষিত হয়ে ভক্তির উজ্জ্বল আলোয় আধ্যাত্মিকতায় নিয়োজিত হয়েছেন এই আশ্রমে। এদিন রাজ্য জুড়ে ঠাকুরের জন্মতিথি উৎসব পালিত হয়।