বাউড়িয়া জুটমিলে বিধ্বংসী আগুন, প্রচুর টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা
-
সুমন আদক, হাওড়া: হাওড়ার বাউড়িয়া জুটমিলে বিধ্বংসী আগুন, প্রচুর টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা। দমকলের টানা কয়েক ঘন্টার চেষ্টায় মঙ্গলবার নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। রাতভর জ্বলতে থাকা আগুনের গ্রাসে পুড়ে ছাই প্রায় বহু টাকার সামগ্রী। কার্যত ভষ্মীভূত হয়ে যায় বাউড়িয়ার নর্থ জুটমিল। মিলের বি ওয়ান ও বেল গোডাউন বিভাগে সোমবার রাত এগারোটা নাগাদ ওই আগুন লাগে। রাতেই দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। পরে আরও গাড়ি আনা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক বলে দাবি মিল কর্তৃপক্ষের। জুটমিল সূত্রের খবর, সোমবার রাত ১১টা নাগাদ বি ওয়ান বিভাগে আগুন দেখতে পান মিলের রক্ষীরা। অগ্নি নির্বাপন যন্ত্রের সাহায্যে প্রথমে তারা আগুন নেভানোর চেষ্টা করেন। তাতেও কোনও লাভ হয়নি। ধীরে ধীরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে গোটা গোডাউনে। ভিতরে পাট মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে একে একে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন আসে। সকাল গড়িয়ে গেলেও সম্পূর্ণ নেভেনি আগুন। পরে দুপুর নাগাদ সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে ওই আগুন। ওই জুটমিলের এক শ্রমিক বলেন, খবর পেয়েই আগুন নেভানোর চেষ্টা করা হয় মিল কর্তৃপক্ষের তরফ থেকে। কিন্তু আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে তা নিয়ন্ত্রণে আনা যায়নি। এরপর দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন এসে টানা কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, ওই মিলে প্রায় সাড়ে ছয় হাজার শ্রমিক কাজ করেন। তিনটে শিফটে কাজ হয়। তবে, রাতে কাজ হয়না। কি কারণে আগুন লেগেছে দমকল তার তদন্তে নেমেছে।
admin