বারুইপুরে সাড়ম্বরে সম্পন্ন হলো জেলা ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা

বারুইপুরে সাড়ম্বরে সম্পন্ন হলো জেলা ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি, বারুইপুর: খেলাধুলার মাধ্যমে যুবশক্তির বিকাশ ঘটাতে বারুইপুরের যোগী বটতলা স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল দু’দিন ব্যাপী ‘জেলা ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা’। ‘মেরা যুব ভারত’ (MY Bharat) বারুইপুর শাখার উদ্যোগে গত ১৪ ও ১৫ই ফেব্রুয়ারি আয়োজিত এই প্রতিযোগিতায় স্থানীয় যুবক-যুবতীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।গত ১৪ই ফেব্রুয়ারি অনুষ্ঠানের প্রথম দিনে আয়োজিত হয়েছিল পুরুষদের ৮ দলীয় ফুটবল প্রতিযোগিতা। টানটান উত্তেজনার এই টুর্নামেন্টে আয়ান ফুটবল কোচিং ক্যাম্পকে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা ছিনিয়ে নেয় স্বাগতিক দল যোগী বটতলা স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্ট জুড়ে অনবদ্য পারফরম্যান্সের জন্য রোহিত মন্ডলকে ‘ম্যান অফ দ্য ম্যাচ’ সম্মানে ভূষিত করা হয়। ১৫ই ফেব্রুয়ারি, অনুষ্ঠানের দ্বিতীয় দিনে ছিল ইভেন্টের ছড়াছড়ি। মহিলাদের জন্য ছিল দড়ি টানাটানি ও ব্যাডমিন্টন। পাশাপাশি গ্রামবাংলার ঐতিহ্যবাহী ‘হাঁড়ি ভাঙা’ প্রতিযোগিতায় মহিলারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুরুষদের বিভাগে ১০০ মিটার দৌড় এবং ধীর গতিতে সাইকেল চালানো (Slow Cycle) প্রতিযোগিতাও দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করে। আয়োজক সংস্থা সূত্রে জানা গেছে, দু’দিন মিলিয়ে মোট ১৫০ জন প্রতিযোগী এই ক্রীড়া উৎসবে অংশ নিয়েছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ট্রাফিক পুলিশের (বারুইপুর) সাব-ইন্সপেক্টর মহম্মদ গিয়াসউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন মেরা যুব ভারত বারুইপুরের জেলা যুব আধিকারিক সুজাতা ভৌমিক, অ্যাকাউন্টস ও প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট অনুরাগ মিশ্র। সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনায় বিশেষ ভূমিকা পালন করেন সম্পাদক রফি শেখ, রশিদ লস্কর এবং আব্দুল বারিক মোল্লা। খেলার মাঠে রেফারির দায়িত্বে ছিলেন আজিজুল লস্কর ও আব্দুর রহিম আলি খান। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি ও শংসাপত্র তুলে দেওয়া হয়।