নিজস্ব প্রতিনিধি: প্রায় দেড় মাসের ব্যবধানে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা। নতুন করে প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কায় আতঙ্কিত সুন্দরবনবাসী। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের জি-প্লট গ্রাম পঞ্চায়েতের বঙ্গোপসাগর-তীরবর্তী গোবর্ধনপুরে পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে। সমুদ্রের জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত নদীবাঁধ উপচে লোকালয়ে ঢুকছে জল। ফলে নতুন করে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে এলাকায়।
গত প্রাকৃতিক বিপর্যয়ে নদীবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল। সমুদ্রের গ্রাসে তলিয়ে যায় বহু মানুষের ঘরবাড়ি। সর্বস্ব হারিয়ে কয়েকটি পরিবার এখনও রামকৃষ্ণ মিশনের ত্রাণশিবিরে আশ্রয় নিয়ে রয়েছে। সেই বিপর্যয়ের ক্ষত শুকোনোর আগেই ফের দুর্যোগের আশঙ্কা দেখা দেওয়ায় উদ্বেগ বাড়ছে বাসিন্দাদের।
বুধবার রাতভর ঝিরঝিরে বৃষ্টির পাশাপাশি মাঝেমধ্যে বয়ে যায় হালকা ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার সকাল থেকে সমুদ্রে জলোচ্ছ্বাস বাড়ায় আতঙ্ক আরও বেড়েছে। আবহাওয়ার সতর্কবার্তার শেষ দিনে পরিস্থিতির দিকে নজর রাখছেন স্থানীয়রা।
কয়েক দিন আগে সুন্দরবন উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা এলাকা পরিদর্শন করে বাঁধ নির্মাণের আশ্বাস দেন। তবে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনেও স্থায়ী সমাধান হয়নি। এবার মজবুত বাঁধ তৈরি হবে, নাকি ফের ভিটেমাটি হারাতে হবে—সেই প্রশ্নই এখন গোবর্ধনপুরবাসীর।।