বীরভূমের বোলপুরে গৃহবধূর রহস্যমৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে চাঞ্চল্য

বীরভূমের বোলপুরে গৃহবধূর রহস্যমৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে চাঞ্চল্য
 

Table of Contents

  • বীরভূম জেলার বোলপুর থানার অন্তর্গত মুলুক কলোনি এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। মৃতার নাম জয়ন্তী লোহার (২৫)। ঘটনার পর থেকেই শোক ও ক্ষোভে ফুঁসছে মৃতার পরিবার।
    পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৯ বছর আগে শান্তিনিকেতন থানার অন্তর্গত গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা জয়ন্তী লোহারের বিয়ে হয় বোলপুরের মুলুক কলোনি এলাকার বাসিন্দা উৎপল লোহার-এর সঙ্গে। বিয়ের পর প্রথমদিকে সবকিছু স্বাভাবিক থাকলেও ধীরে ধীরে দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয় বলে অভিযোগ।
    মৃতার মায়ের দাবি, দীর্ঘদিন ধরেই বিভিন্ন অজুহাতে মেয়ের চরিত্র নিয়ে সন্দেহ করা হতো। সেই সন্দেহের জেরে তাকে প্রায় একঘরে করে রাখা হতো বলে অভিযোগ। শুধু তাই নয়, মাঝেমধ্যেই তার উপর শারীরিক নির্যাতনও চালানো হতো বলে জানিয়েছেন মৃতার পরিবার।
    রবিবার হঠাৎই শ্বশুরবাড়ি থেকে জয়ন্তীর রহস্যজনক মৃতদেহ উদ্ধার হওয়ার খবর সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ছুটে আসেন মৃতার পরিবারের সদস্যরা। মেয়ের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন মা।
    অশ্রুসজল চোখে মৃতার মা বলেন,
    “ভিক্ষা করে মেয়েকে বড় করেছি। কত কষ্ট করে মানুষ করেছি। ওকে মেরে ফেলেছে। আমি চাই যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের কঠোর শাস্তি হোক, ফাঁসি হোক। যদি মেয়েকে নিয়ে কোনো সমস্যা থাকত, আমার কাছে পাঠিয়ে দিতে পারত।”
    তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্বামীর পরিবার। তাদের দাবি, তাদের বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।
    ঘটনার খবর পেয়ে বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।