কুলপিতে ৩১৮টি কালীপুজো কমিটিকে নিয়ে প্রশাসনের বিশেষ বৈঠক, ডিজে ও শব্দবাজি নিষিদ্ধ-সহ একাধিক নির্দেশ
উত্তম কর্মকার, কুলপি: দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানা এলাকার মোট ৩১৮টি কালীপুজো কমিটিকে নিয়ে আজ বিশেষ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। আসন্ন কালীপুজোকে কেন্দ্র করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নির্বিঘ্নে পুজো সম্পন্ন করার লক্ষ্যে পুজো কমিটিগুলিকে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়।
এই বৈঠকে উপস্থিত ছিলেন এসডিপিও, সিআই, জয়েন্ট বিডিও, বিদ্যুৎ দপ্তরের আধিকারিক, দমকল বিভাগের প্রতিনিধি এবং কুলপি থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি)। বৈঠকে পুজো চলাকালীন নিরাপত্তা, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তার মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, কোনও পুজো মণ্ডপে ডিজে বাজানো যাবে না। রাত ১১টার পর মাইক বা লাউডস্পিকার বন্ধ রাখতে হবে। মদ্যপান এবং নিষিদ্ধ শব্দবাজির ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হবে। পাশাপাশি পুজো মণ্ডপ ও সংলগ্ন এলাকায় বিদ্যুতের তার যেন কোনওভাবেই কাটা, ছেঁড়া বা বিপজ্জনক অবস্থায় না থাকে, সে বিষয়েও বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও প্রতিমা বিসর্জনের ক্ষেত্রে প্রশাসনের নির্ধারিত পুকুর বা জলাশয়েই প্রতিমা নিরঞ্জন করতে হবে। পুজো কমিটিগুলিকে প্রশাসনের সমস্ত নির্দেশিকা মেনে চলার পাশাপাশি দর্শনার্থীদের নিরাপত্তা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকেও বিশেষ নজর দেওয়ার পরামর্শ দেওয়া হয়।
admin