মুখ্যমন্ত্রী ধর্নায় বসতে পারেন এসআইআর বাংলায় হবেই, মন্তব্য শমীক ভট্টাচার্যের
সুমন আদক, হাওড়া: শুক্রবার হাওড়া সদরে বিজেপির 'পরিবর্তন যাত্রা'য় অংশ নেন দলের রাজ্য সভাপতি এবং রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।
এদিন তিনি ধর্মতলায় মুখ্যমন্ত্রীর ধর্না এবং এসআইআর এর নাম বাতিল নিয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ধর্নায় বসতেই পারেন। তিনি চান অনুব্রবেশকারী এবং রোহিঙ্গাদের নাম ভোটার তালিকায় থাকুক। তবে আমরাও এসআইআর ছাড়া ভোটে অংশ নেব না। চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা গেছে ৬০ লক্ষ নাম বিবেচনাধীন আছে। বাম এবং কংগ্রেস এই বিবেচনাধীন নামের ফয়সালা না হওয়া পর্যন্ত ভোট চাইছে না। এ ব্যাপারে বিজেপি রাজ্য সভাপতি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন স্ট্যান্ড আছে। তবে নির্বাচন কমিশন সঠিক পদক্ষেপের মাধ্যমে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করবে। শমীক ভট্টাচার্য এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসআইআর ইস্যুতে মুখ্যমন্ত্রীর ধর্নায় বসা প্রসঙ্গে বলেন, 'মুখ্যমন্ত্রী ধর্নায় আগেও বসেছেন। মুখ্যমন্ত্রী ধর্নায় বসতেই পারেন, মুখ্যমন্ত্রী দিল্লি যেতেও পারেন, আরেকবার সুপ্রিম কোর্টেও যেতে পারেন, মুখ্যমন্ত্রী ম্যারাথন দৌড়েও অংশগ্রহণ করতে পারেন, কিন্তু তারপরেও এসআইআর হবে। নো এসআইআর, নো ভোট। পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে বাংলাদেশী জামাতিদের এবং বাংলাদেশী রোহিঙ্গাদের নাম বাদ দিতে হবে। যারা মৃত ভোটারদের এখনও মায়া কাটিয়ে উঠতে পারেননি, তাদের এরা রেখে দিতে চাইছে। তাদের নিয়ে নির্বাচন হবেনা। মুখ্যমন্ত্রীর ভোটের এজেন্ডা মানুষের জানা আছে। আমাদের দলের এজেন্ডাও মানুষের জানা আছে। প্রত্যেক রাজনৈতিক দলেরই কথা বলার অধিকার আছে। আমরা বলছি, 'নো এসআইআর, নো ভোট।' হাওড়াতে বিভিন্ন জায়গায় আমাদের দলের বিএলএ টু-রা আক্রান্ত হচ্ছেন। বিএলও-দের দিয়ে পরিকল্পিতভাবে প্রকৃত ভোটারের উপর প্রশ্নচিহ্ন লাগিয়ে নাম বাদ দিয়ে তাঁদের লাইনে দাঁড় করিয়েছে। এটা দিদিমণির চক্রান্ত। আমাদের দাবি, মাঝখানে এসআইআর বন্ধ করতে দেওয়া যাবে না। 'নো এসআইআর, নো ভোট।' প্রসঙ্গত, 'বাংলায় তৃণমূল সরকারের পরিবর্তনের ডাক দিয়ে এবং বিকশিত পশ্চিমবঙ্গের লক্ষ্যে' ভারতীয় জনতা পার্টির তরফ থেকে রাজ্যব্যাপী যে 'পরিবর্তন যাত্রা' চলছে, হাওড়া সদর জেলায় শুক্রবার ৬ মার্চ ওই 'পরিবর্তন যাত্রা' অনুষ্ঠিত হয়। এদিন প্রায় ৯০ কিমি. যাত্রাপথে ৭টি বিধানসভা কেন্দ্র ধরে ওই 'পরিবর্তন যাত্রা' কর্মসূচি পালিত হয়। সকালে পাঁচলার ধামসিয়া মোড়ে এক জনসভার মাধ্যমে এর সূচনা হয়। পথে আন্দুল বাজার, চুনাভাটি ইন্দাস হসপিটাল, ইছাপুর জলের ট্যাঙ্ক মোড়ে ছোট সভার পাশাপাশি 'পরিবর্তন যাত্রা'র সমাপ্তি স্থান বালিখালে জনসভার আয়োজন করা হয়েছে।
admin