কাকদ্বীপ বিধানসভার রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতে ভোটার তালিকা সংশোধনকে ঘিরে তীব্র ক্ষোভ ছড়াল সাধারণ মানুষের মধ্যে। বিচারাধীন প্রক্রিয়ার জেরে বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে—এই অভিযোগে গ্রামবাসীরা রাস্তায় নেমে দফায় দফায় বিক্ষোভ দেখান। বিশাই মোড়ে উত্তেজনা চরমে ওঠে, যখন ক্ষুব্ধ মানুষজন রাস্তার মাঝখানে টায়ার জ্বালিয়ে অবরোধ গড়ে তোলেন এবং স্লোগানে মুখরিত করেন এলাকা। তাঁদের একটাই দাবি—যে কোনও মূল্যে ফিরিয়ে দিতে হবে ভোটাধিকার।
স্থানীয়দের অভিযোগ, সমস্ত বৈধ নথিপত্র জমা দেওয়া সত্ত্বেও অজ্ঞাত কারণে নাম বাদ পড়েছে বহু মানুষের। এতে চরম অনিশ্চয়তা ও ক্ষোভ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। জানা গিয়েছে, রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতে মোট ১৫টি বুথ রয়েছে, যার মধ্যে প্রায় প্রতিটি বুথেই তিন থেকে চারজন করে ভোটারের নাম বাদ গিয়েছে। তবে ২১৯, ২১৫, ২২৩ এবং ২২০ নম্বর বুথে পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক।
পরিসংখ্যান বলছে, ২১৯ নম্বর বুথে বিচারাধীন তালিকায় থাকা ১৯১ জনের মধ্যে ১৮১ জনের নাম বাদ পড়েছে। ২১৫ নম্বর বুথে ৮৪ জনের মধ্যে ৮০ জন, ২২৩ নম্বর বুথে ৫৩ জনের মধ্যে ৫০ জন এবং ২২০ নম্বর বুথে ১৭ জনের মধ্যে ১৪ জন ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন। এই বিপুল সংখ্যক বাদ পড়া ভোটারের তালিকায় সেনাবাহিনীর সদস্যদের পরিবার এবং স্বাধীনতা সংগ্রামীদের ভাতা প্রাপকদের নামও রয়েছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন গ্রামবাসীরা। তাঁদের দাবি, অবিলম্বে নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ভোটারদের নাম পুনরায় তালিকাভুক্ত করতে হবে, না হলে তারা বিগত দিনে কি করবে ভেবে পাচ্ছি না এই বিষয় নিয়ে প্রশাসন তাদের এই ভোটার আধিকার জন্য না কেড়ে নেয় সেদিকে যেন বিশেষ নজর দেওয়ারও আবেদন জানাচ্ছে এই বিক্ষোভকারীরা।