শিক্ষক সঙ্কটে তালাবন্ধ শিশু শিক্ষাকেন্দ্র
নিজস্ব প্রতিনিধি: শিক্ষক সঙ্কটে তালাবন্ধ শিশু শিক্ষাকেন্দ্র - এমনি অভিযোগ খয়রাশোল ব্লকের খন্নি গ্রামের বাসিন্দাদের । খয়রাশোল দক্ষিণ চক্রের খন্নি গ্ৰামের শিশু শিক্ষাকেন্দ্র (ইউডিআইএসই নং ১৯০৮১১০০৪০৪) প্রায় ৭ মাস থেকে তালাবন্ধ হয়ে পড়ে রয়েছে । ২০০২ সালে দুইজন শিক্ষক সহ পড়ুয়াদের নিয়ে পথচলা শুরু করেছিল খন্নি গ্রামের রবীন্দ্র নজরুল শিশু শিক্ষাকেন্দ্র (এসএসকে) । ২০২৬ সালের জানুয়ারি মাসে একজন শিক্ষক (সম্প্রসারক) অবসরগ্ৰহন করার পর থেকে তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে বিদ্যালয়টি । আগেই অবশ্য একজন শিক্ষক (সম্প্রসারক) অবসরগ্ৰহন করেছিল । গ্রামের গৃহবধূ সামিমা বিবি বলে, "প্রায় ৭ মাস থেকে গ্ৰামের শিশুদের স্কুল বন্ধ হওয়ায় দেড় কিলোমিটার দূরে লোকপুর প্রাথমিক বিদ্যালয়ে বাচ্চাদের ভর্তি করেছি । আমরা চাই বিদ্যালয়টি আবার পুনরায় চালু করা হোক ।" গ্ৰামের বাসিন্দা গিয়াসউদ্দিন মোল্লা বলে, "দেড় কিলোমিটার দূরে লোকপুর প্রাথমিক বিদ্যালয়ে বাচ্চাদের যেতে হয় । রাস্তায় ভারী যান চলাচল করে । খন্নি গ্রাম মোড়ে দুইবার দুঘটনা ঘটেছে এমনকি বাচ্চা মারা পর্যন্ত গিয়েছে । সবসময় অভিভাবকরা আতঙ্কে থাকে । সরকারের কাছে আবেদন বিদ্যালয়টি আবার চালু করা হোক । বিডিওকে দুইবার দরখাস্ত দিয়েছি । সেই দরখাস্তের কপি আমাদের কাছে আছে । আজ পর্যন্ত ওই শিক্ষাকেন্দ্রটি চালু করার কোন উদ্যোগ নেই ।" বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন স্থানীয় বিধায়ক অনুপকুমার সাহা ।খয়রাশোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমেন্দু গঙ্গোপাধ্যায় বলেন, "এই শিশু শিক্ষাকেন্দ্রের সমস্যা হচ্ছে - একবার সম্প্রসারক অবসর নেওয়ার পরে নতুন করে নিয়োগ হয় নি । সরকার যদি এই বিষয়ে সম্প্রসারক নিয়োগের সার্কুলার জারি করে তাহলে শিশু শিক্ষাকেন্দ্রটি পুনরায় চালু করা হবে ।"
admin