তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ: ৬৯ তম জাতীয় স্কুল গেমস খো খো প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৪ বছর বিভাগে রাজ্য বিদ্যালয় ক্রীড়া সংসদের বাংলা দলের হয়ে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ডালিম গাঁও উচ্চ বিদ্যালয়ের খো খোর দুই কৃতি খেলোয়ার বর্ণালী দাস ও সুমন রায় খেলার সুযোগ পেল। ডালিম গাঁও উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক তথা উত্তর দিনাজপুর জেলার খো খো অ্যাসোসিয়েশনের সম্পাদক বরুন দাস জানান, ১৬ই জানুয়ারি থেকে ২১শে জানুয়ারি জাতীয় স্তরে এই খো খো খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজস্থানের প্যাটেল স্টেডিয়ামে। ইতিমধ্যেই ডালিমগাও উচ্চ বিদ্যালয়ের দুই কৃতি খো খো খেলোয়াড় রাজস্থানে পৌঁছে গেছেন বাংলা দলের সঙ্গে জাতীয় স্তরের খেলায় অংশ গ্রহনের জন্য। ডালিমগাঁও উচ্চবিদ্যালয়ের দুই ক্ষুদে খো খো খেলোয়াড় জাতীয় স্তরে খেলার ডাক পাওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ মোদক দুই ছাত্র ছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অভিনন্দন জানিয়েছেন।