কালীপুজো ও দীপাবলি উপলক্ষে নিরাপত্তা পরিদর্শনে পুলিশ, পুজো উদ্যোক্তাদের একাধিক নির্দেশ

কালীপুজো ও দীপাবলি উপলক্ষে নিরাপত্তা পরিদর্শনে পুলিশ, পুজো উদ্যোক্তাদের একাধিক নির্দেশ

সুমন আদক, হাওড়া : আসন্ন কালীপুজো ও দীপাবলিকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে তৎপর হল হাওড়া গ্রামীণ জেলা পুলিশ প্রশাসন। মঙ্গলবার বিভিন্ন থানা এলাকার কালীপুজো মণ্ডপগুলি পরিদর্শন করলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। সংশ্লিষ্ট থানার ওসিদের সঙ্গে নিয়ে তাঁরা বিভিন্ন পুজো মণ্ডপে গিয়ে নিরাপত্তা ও পরিকাঠামোগত ব্যবস্থা খতিয়ে দেখেন। পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে মণ্ডপের কাঠামোগত সুরক্ষা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং দর্শনার্থীদের প্রবেশ ও বেরনোর পৃথক পথ রাখার বিষয়ে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি পথচারীদের চলাচলের জায়গা খোলা রাখা, ভিড় নিয়ন্ত্রণ, যান চলাচল স্বাভাবিক রাখা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়। উৎসবের দিনগুলিতে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে পুজো ও দীপাবলি উদযাপন করতে পারেন, সেই লক্ষ্যেই পুলিশের এই আগাম নিরাপত্তা পরিদর্শন।