তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুর: আগামী ২৬ শের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে উত্তর দিনাজপুর জেলার বিজেপির নেতৃত্বদের সাথে আগামী বিধানসভা নির্বাচনের আগে ঘর গোছানোর কাজ শুরু করে দিল ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। রবিবার দুপুরে ডালখোলায় একটি বেসরকারি ভবনে উত্তর দিনাজপুর জেলার বিজেপির নেতৃত্বদের নিয়ে বিশেষ সাংগঠনিক বৈঠক সারলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। ডালখোলার বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার বিজেপির সভাপতি নিমাই কবিরাজ, রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল, শংকর চক্রবর্তী, বিশ্বজিৎ লাহিড়ী এবং বাসুদেব সরকার। উত্তর দিনাজপুর জেলার বিধানসভা আসনের সংখ্যা ৯টি। যার মধ্যে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি মাত্র দুটি আসনে জয়লাভ করেছিল। এদিনের বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠকে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব দেব বিজেপির নেতৃত্বদের উদ্দেশ্যে জানান, উত্তর দিনাজপুর জেলার ৯টি আসনের মধ্যে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে কম পক্ষে ৬টি আসন বিজেপির ঝুলিতে এনে দিতেই হবে। কারণ ২৬ শের বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গের মানুষের কাছে জীবন মরণের নির্বাচন। জেলার ৯টি বিধান সভা কেন্দ্রের বুথ স্তরে সমস্ত কর্মীদের এখন থেকেই কাজে নেমে পড়তে হবে বলে তিনি উল্লেখ করেন।