তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুর: রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের (আনন্দধারা) উদ্যোগে উত্তর দিনাজপুর জেলা গ্রামীণ উন্নয়ন শাখা এবং উত্তর দিনাজপুর জেলার প্রশাসনের পরিচালনায় ও কালিয়াগঞ্জ ব্লক প্রশাসনের সহযোগিতায় কালিয়াগঞ্জ রানিং বুলেট ক্লাব ময়দানে শুক্রবার থেকে শুরু হল উত্তর দিনাজপুর জেলা সৃষ্টিশ্রী মেলা। শুক্রবার বিকেলে এই মেলার উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলার সভাধিপতি পম্পা পাল এবং উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা। উপস্থিত ছিলেন ডিআরডিসি ইন্দ্র কুমার নস্কর, রায়গঞ্জের পুলিশ সুপার এস কুলদীপ, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার, কালিয়াগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিদ্যুৎ বরণবিশ্বাস, ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন সহ কালিয়াগঞ্জ তথা জেলার বিশিষ্ট ব্যক্তিরা। এই সৃষ্টিশ্রী মেলায় ৭৮টি শৌখিন হস্তশিল্পের স্টলে উত্তর দিনাজপুর জেলার ৯টি ব্লক থেকে মহিলারা তাদের হাতের তৈরি দ্রব্যের সম্ভার নিয়ে এই মেলায় অংশগ্রহণ করে। এই মেলায় প্রতিদিন সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা বলেন, 'পিছিয়ে পরা মহিলারা যাতে ঘুরে দাঁড়াতে পারে তার জন্য স্বনির্ভর হবার জন্য স্বল্প সুদে ঋণ দেবার ব্যবস্থা করা হয়েছে যাতে এই জেলার মহিলারা তাদের হাতের তৈরি আকর্ষনীয় দ্রব্য তৈরি করে জেলার বিভিন্ন বাজারে সেগুলি বিক্রি করতে পারে।' রানিং বুলেট মাঠে জেলা সৃষ্টিশ্রী মেলা চলবে আগামী ৪ঠা জানুয়ারি ২০২৬ পর্যন্ত। মেলা প্রতিদিন বেলা ২টো থেকে শুরু হবে চলবে রাত ৯টা পর্যন্ত। মেলাকে কেন্দ্র করে একটি মিছিল কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শহর পরিক্রমা করে কালিয়াগঞ্জ হাসপাতাল পাড়া রানিং বুলেট মাঠে মূল অনুষ্ঠানের মাঠে এসে শেষ হয়।