সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং - এক চারচাকা গাড়ির ধাক্কায় গুরুতর জখম হলেন এক যুবক। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে ক্যানিং-বারুইপুর রোডের হেলিকপ্টার মোড় এলাকায়।ঘটনায় গুরুতর জখম হয়েছেন বজবজ এর বাওয়ালির যুবক সুদীপ্ত রায়। স্থানীয় সুত্রে জানা গিয়েছে ওই যুবক ক্যানিংয়ের নিকারীঘাটা এলাকার মাসীর বাড়িতে বেড়াতে এসেছিলেন। এদিন দুপুরে বাইক চালিয়ে বজবজে ফিরছিলেন। সেই সময় হেলিকপ্টার মোড় এলাকায় একটি চারচাকা গাড়ি ওই যুবক কে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনায় ওই যুবকের একটি পা ভেঙে যায়। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যন্ত্রণায় কাৎরাচ্ছিলেন। স্থানীয়রা ওই যুবক কে উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে ওই যুবকের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করেন। অপর দিকে ক্যানিং থানা ও ক্যানিং ট্রাফিক পুলিশ চারচাকা গাড়িটির খোঁজ শুরু করে ঘটনার তদন্ত শুরু করেছে।