সুভাষ চন্দ্র দাশ,জীবনতলা - পুকুর থেকে এক যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে ঘুটিয়ারি শরিফের হালদারপাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম মিঠুন কুড়ালি (৩৬)। তাঁর বাড়ি বারুইপুর থানার হাড়দহ এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই এলাকার বাসিন্দা মিঠুন যাদবপুর থেকে কাজ সেরে রবিবার রাতে বাড়ি ফিরছিলেন। কিন্তু রাতে তিনি বাড়িতে ফেরেননি। তারপরই এদিন সকালে বাড়ির অদূরে ঘুঁটিয়ারি শরিফ এলাকার একটি পুকুরে তাঁর মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ঘুটিয়ারি শরিফ ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে।
এদিন মৃত ওই যুবকের পরিবারের পক্ষ থেকে ঘুটিয়ারি শরিফ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
কিভাবে ওই যুবকের মৃত্যু হল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। যদিও তাঁর পরিবারের দাবি তাঁকে খুন করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর আসল কারণ জানা সম্ভব নয়।