পুলিশের হাতে রাখী, সম্প্রীতির বার্তা মিশন বোধোদয়ের
সুমন আদক, হাওড়া: রাখীবন্ধনের আবেগঘন মুহূর্তে পুলিশ ও সাধারণ মানুষের সম্পর্ককে আরও নিবিড় করে তুলতে অভিনব উদ্যোগ নিল হাওড়ার ‘মিশন বোধোদয় ইন্টারন্যাশনাল’। নাগরিকদের নিরাপত্তা ও শহরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিরন্তর দায়িত্ব পালনকারী পুলিশকর্মীদের সম্মান জানাতে বৃহস্পতিবার ব্যাঁটরা থানায় গিয়ে তাঁদের হাতে রাখী পরিয়ে দেন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষিকারা।
রাখীবন্ধন উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে থানার অফিসার ইনচার্জ-সহ উপস্থিত ছিলেন অন্যান্য পুলিশকর্মীরা। তাঁদের হাতে রাখী পরিয়ে শুভেচ্ছা জানান শিক্ষিকারা। একইসঙ্গে পুলিশকর্মীদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে।
আয়োজকদের বক্তব্য, উৎসবের দিনেও পুলিশকর্মীরা নিজেদের পরিবারের পাশাপাশি বৃহত্তর সমাজ ও সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব পালন করেন। তাঁদের এই নিরলস পরিষেবার প্রতি সম্মান জানাতেই রাখীবন্ধনের দিনে থানায় গিয়ে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। পুলিশকর্মীদের হাতেও রাখী পরানোর পর তৈরি হয় আন্তরিক পরিবেশ। এই উদ্যোগের মধ্য দিয়ে পুলিশ ও নাগরিক সমাজের মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে বলেই আশাবাদী ‘মিশন বোধোদয় ইন্টারন্যাশনাল’ কর্তৃপক্ষ।
admin