পূর্বস্থলীতে ২৫ তম বর্ষ খাল-বিল উৎসব উদযাপন
দেবাশিস রায়, পূর্ব বর্ধমান: তিনদিনের খাল-বিল উৎসব উদযাপনকে কেন্দ্র করে বৃহস্পতিবার থেকে মেতে উঠেছিল পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার বিদ্যানগর সহ বিস্তীর্ণ এলাকা।এই উপলক্ষ্যে মঙ্গলবার এবং বুধবার বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে এলাকার সকলকে উৎসবে শামিল হওয়ার আহ্বান জানানো হয়।উৎসবের মূল উদ্যোক্তা রাজ্যের প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তথা পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা ক্ষেত্রের বিধায়ক স্বপন দেবনাথ।বিদ্যানগরের কোবলা-গঙ্গানন্দপুর এলাকায় বাঁশদহ বিল ও চাঁদের বিল নামের জলাভূমিকে কেন্দ্র করে প্রতিবার খাল-বিল, চুনোমাছ, পিঠেপুলি ও প্রাণী পালন উৎসব উদযাপিত হয়।এবারে রজত জয়ন্তী বর্ষের এই উৎসব ২৭ ডিসেম্বর পর্যন্ত আয়োজন করা হয়েছে।গ্রামীণ এলাকার ‘প্রাণের উৎসব’ উপলক্ষ্যে বাউল, লোকসঙ্গীত, যাত্রাপালা প্রভৃতি নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি হস্তশিল্প সামগ্রী এবং বাংলার রকমারি সুস্বাদু পিঠেপুলির একাধিক স্টল সহ জমজমাট মেলার আয়োজন নজর কাড়ে।বড়োদিনের ভোরবেলায় চিরাচরিত প্রথা মেনে সানাইয়ের সুরের সাথে উৎসবের সূচনা হয়েছিল।উদ্বোধনের দিনে বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার, মৎস্য ও প্রাণী বিজ্ঞান বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য ডঃ তীর্থকুমার দত্ত, পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশারানি এ, পুলিশসুপার সায়ক দাস, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য ডাঃ শর্মিলা সরকার, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান সুভাষ মণ্ডল প্রমুখ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আড়াই দশক আগে এখানকার সুবিশাল জলাভূমিকে রক্ষা করার জন্য স্থানীয় বাসিন্দা স্বপন দেবনাথ উদ্যোগী হয়েছিলেন।তারপর কয়েকজনকে সঙ্গে নিয়ে প্রথমে জলাভূমি সংস্কারের কাজ শুরু হয়।তারপর সেখানকার কৃষক এবং মৎস্যজীবীদের স্বার্থে নানান উদ্যোগও নেওয়া হয়।ধীরে ধীরে বিল সংলগ্ন সুবিশাল এলাকার সৌন্দর্যায়ন বৃদ্ধি থেকে শুরু করে সহ বিলাসবহুল অতিথিনিবাস তৈরি এবং বিলের জলে নৌকাবিহার প্রভৃতির বন্দোবস্ত করা হয়েছে।এমনকী, মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে এখানে একটি প্রজাপতি উদ্যানও গড়ে তোলা হয়েছে।শীতের মরশুমে এই জলাভূমিকে কেন্দ্র করে পরিয়ায়ী পাখিদেরও ভিড় জমতে দেখা যায়।সবমিলিয়ে এলাকাটি একটা ছোটখাট পর্যটন ক্ষেত্রে পরিণত হয়েছে।এবারে রাজ্য মৎস্য দপ্তরের সহায়তায় পাঁচ লক্ষাধিক অর্থ ব্যয়ে ঘের পদ্ধতিতে মৎস্যচাষ প্রকল্প গড়ে উঠেছে।বিশেষ এই প্রকল্পের মাধ্যমে সারাবছর মৎস্যচাষের সুবিধা মিলবে এলাকার অসংখ্য মৎস্যজীবী উপকৃত হবে বলে মন্ত্রী স্বপন দেবনাথ আশা প্রকাশ করেছেন।
admin