"বিশ্বে বিশ্বকবি" প্রদর্শনী পৌষমেলার মাঠে

"বিশ্বে বিশ্বকবি" প্রদর্শনী পৌষমেলার মাঠে
দেবর্ষি মজুমদার,শান্তিনিকেতন: রবীন্দ্রনাথের ৩১টি দেশে ভ্রমণের সচিত্র দলিল নিয়ে প্রদর্শনী "বিশ্বে বিশ্বকবি" শান্তিনিকেতনের পৌষ মেলায়।  বিশ্বভারতী রবীন্দ্রভবনের উদ্যোগে এ বছরের পৌষমেলায় মাঠে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মোট ছয়টি প্যানেলে মোট ৬০টি অধিক ছবি প্রদর্শিত হয়েছে এই প্রদর্শনীতে। যার মধ্যে বহু ছবি অপ্রকাশিত। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর জীবদ্দশায় ৩১টির বেশি দেশে ভ্রমণ করেন। 
১৮৭৮ সালে রবীন্দ্রনাথের বয়স তখন ১৭ বছর। এই প্রথম কবির বিদেশ যাত্রা। ইংল্যান্ডের ব্রাইটনে ল পড়তে গেলেন রবীন্দ্রনাথ। 
সালটা ১৯৩৪। কবি শেষ বিদেশ যাত্রা করেন শ্রীলঙ্কায়। বিশ্বভারতীর নৃত্যনাট্যের দল সেবার নটীর পূজা পরিবেশন করতে শ্রীলঙ্কা যাত্রা করেছিল। কিন্তু ১৮৭৮ থেকে ১৯৩৪ এর মধ্যে ৫৬ বছরের এই দীর্ঘ সময়ে তিনি বিভিন্ন প্রয়োজনে আনুমানিক পৃথিবীর ৩১টি দেশে একবার অথবা একাধিকবার ভ্রমণ করেন। জাহাজে অথবা উড়োজাহাজে করে যে তিনি বিশ্ব পরিভ্রমণ করেছিলেন সেটি তখনকার দিনে কঠিনতম পরিশ্রমের কাজ ছিল। বিশ্বে বিশ্বকবি শীর্ষক প্রদর্শনী উদ্বোধন হল ৭ পৌষের সকালেই আগামী ৬দিন পৌষমেলার দর্শকদের কাছে তাই নতুন রূপে বিশ্বকবিকে দেখার সুযোগ করে দেবে এই প্রদর্শনী। 
কবি প্রথম বিদেশ যাত্রা এবং শেষ বিদেশ যাত্রার মাঝে দীর্ঘ ৫৬ বছর অতিবাহিত হয়েছিল। এই সময়ের মাঝে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর জাপান, আমেরিকা, ফ্রান্স, ইতালি, জার্মানি, চেকোস্লোভিয়া, রাশিয়ার মত ৩১টি দেশে ভ্রমণ করেন। এই ভ্রমণপথে কখনো জাহাজে, কখনো টিউব রেলে, কখনো বা উড়োজাহাজেও কবি যাত্রা করেন। এমনই বিভিন্ন দেশ ভ্রমনের ছবি দেখা যাবে এবারের পৌষমেলার প্রদর্শনীতে। বিশ্বে বিশ্বকবি শীর্ষক এই প্রদর্শনীতে দেখা মিলবে। 
ব্রহ্ম বিদ্যালয়ের বা বিশ্বভারতীর সার্বিক শিক্ষা ব্যবস্থার মধ্যে, ঘরবাড়ির গঠন শৈলীর মধ্যে, বিভিন্ন উৎসব অনুষ্ঠানের মধ্যে সারা বিশ্বের সুর, তান, লয় মিশে আছে। বিশ্ব যেন একটি নীড়ে জড়ো হয়ে কবির স্বপ্নকে সার্থক করে গড়ে তুলেছে "যত্র বিশ্বং ভবত্যেকনীড়ম" সেই কারণে বিশ্ব নিয়ামক সংস্থা ইউনেস্কো বিশ্বভারতী তথা শান্তিনিকেতনকে দিয়েছে ওয়ার্ল্ড হেরিটেজের তকমা।