বোলপুরের শিশু উদ্যানে শিবলিঙ্গ ঘিরে তীব্র চাঞ্চল্য, তদন্তে পুলিশ

বোলপুরের শিশু উদ্যানে শিবলিঙ্গ ঘিরে তীব্র চাঞ্চল্য, তদন্তে পুলিশ

বীরভূমের বোলপুর শহরের স্কুল বাগান এলাকায় নেতাজি ক্লাব সংলগ্ন শিশু উদ্যানে একটি শিবলিঙ্গকে ঘিরে সোমবার সকাল থেকে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হঠাৎ করে মাটির মধ্যে শিবলিঙ্গ দেখতে পাওয়ায় এলাকাজুড়ে কৌতূহল ও জল্পনা ছড়িয়ে পড়ে। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমাতে থাকেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় একটিও কমিউনিটি হল নির্মাণের কাজ চলছিল। তবে বিশেষ কারণে আদালতের নির্দেশে সেই নির্মাণকাজ আপাতত বন্ধ রয়েছে। এরই মধ্যে শিশু উদ্যানের একাংশে মাটির মধ্যে শিবলিঙ্গ দেখতে পাওয়ায় নতুন করে বিতর্কের সূত্রপাত হয়েছে।
এলাকার একাংশের বাসিন্দাদের দাবি, শিবলিঙ্গটি অলৌকিকভাবে মাটি ফুঁড়ে বেরিয়ে এসেছে। সকাল থেকেই বহু মানুষ সেখানে ভিড় জমিয়ে প্রণাম জানান এবং ধর্মীয় আবেগে আপ্লুত হয়ে পড়েন।
অন্যদিকে, নেতাজি ক্লাবের সদস্যদের একাংশের অভিযোগ, পরিকল্পিতভাবে রাতের অন্ধকারে কেউ বাও কারা মাটি খুঁড়ে শিবলিঙ্গটি বসিয়ে দিয়ে গিয়েছে। তাঁদের দাবি, এর পিছনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কমিউনিটি হল নির্মাণের কাজে বাধা সৃষ্টি করার চেষ্টা থাকতে পারে।
ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, ওই শিশু উদ্যানে প্রতিদিন প্রায় ৩০০ শিশু খেলাধুলা করতে আসে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সামাজিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রয়োজনে একটি কমিউনিটি হল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। এই ঘটনার জেরে সেই উদ্যোগ এখন নতুন করে বিতর্কের মুখে পড়েছে।
ঘটনার খবর পেয়ে বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। পুলিশ সূত্রে খবর, বিষয়টি গুরুত্ব সহকারেও খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে শিবলিঙ্গটি সেখানে এল এবং এর পিছনে কোনও পরিকল্পিত চক্রান্ত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
সোমবার সকাল থেকে স্কুল বাগান এলাকায় কৌতূহলী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। ধর্মীয় আবেগ, স্থানীয় দাবি এবং নির্মাণকাজ ঘিরে বিতর্ক—সব মিলিয়ে ঘটনাটি এখন বোলপুর শহরের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।