ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রামপুরহাটের অবসরপ্রাপ্ত সেনাকর্মী ক্ষোভ

ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রামপুরহাটের অবসরপ্রাপ্ত সেনাকর্মী ক্ষোভ

রুমা খাতুন, রামপুরহাট: বীরভূম জেলার তারাপীঠ লাগোয়া বর্ষাল গ্রাম পঞ্চায়েতের সাতঘরিয়া গ্রামের বাসিন্দা ৯০ বছরের মহিমাময় ভট্টাচার্য ভোটার তালিকায় নিজের নামের পাশে ‘বিচারাধীন’ মন্তব্য দেখে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।দেশ স্বাধীন হওয়ার আগে, ২ মার্চ ১৯৩৬ সালে তাঁর জন্ম। দীর্ঘদিন তিনি ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। বর্তমানে অবসরপ্রাপ্ত এই প্রাক্তন সেনাকর্মী বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগলেও নাগরিক অধিকার সম্পর্কে যথেষ্ট সচেতন।সম্প্রতি ভোটার এস আই আর নাম সংশোধনে তিনি চমকে ওঠেন। তাঁর নামের পাশে ‘বিচারাধীন’ মন্তব্য দেখতে পান। বিষয়টি জানার পর তিনি বলেন,“আমি সারা জীবন দেশের সুরক্ষায় দায়িত্ব পালন করেছি। আজ জীবনের শেষ প্রান্তে এসে যদি ভোটার তালিকায় আমার নামের পাশে ‘বিচারাধীন’ লেখা থাকে, তা অত্যন্ত অপমানজনক। এতে শুধু আমার নয়, আমার পরিবারেরও মানহানি হচ্ছে।”
তাঁর বিরুদ্ধে কোনো আইনি মামলা বা বিচারাধীন বিষয় নেই। ফলে কী কারণে এমন মন্তব্য যুক্ত হয়েছে, তা নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।পরিবার সূত্রে জানা গিয়েছে, বিষয়টি নিয়ে শীঘ্রই সংশ্লিষ্ট নির্বাচন দপ্তরে যোগাযোগ করা হবে। স্থানীয় বাসিন্দারাও ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দ্রুত সংশোধনের দাবি তুলেছেন। তাঁদের বক্তব্য, একজন প্রবীণ প্রাক্তন সেনাকর্মীর ক্ষেত্রে এমন ভুল প্রশাসনিক গাফিলতির সামিল।
এখন দেখার, প্রশাসন কত দ্রুত বিষয়টি গুরুত্ব দিয়ে সংশোধনের পদক্ষেপ গ্রহণ করে।