কালিয়াগঞ্জ–বুনিয়াদপুর রেল রূপায়ণে পথসভা

কালিয়াগঞ্জ–বুনিয়াদপুর রেল রূপায়ণে পথসভা
তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুর: সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি শহরের চৌমাথায় কালিয়াগঞ্জ–বুনিয়াদপুর রেল প্রকল্প রূপায়ণ ও উন্নয়ন কমিটির উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে থাকা ৩৩ কিলোমিটার কালিয়াগঞ্জ–বুনিয়াদপুর রেল প্রকল্পের কাজ অবিলম্বে পুনরায় শুরু করার দাবিতে এই সভা আয়োজন করা হয়।
পথসভার শুরুতে সভাপতির আসন গ্রহণ করেন সংগঠনের প্রবীণ সংগঠক ভবেশ চন্দ্র ভট্টাচার্য। সভায় বক্তব্য রাখেন জয় গোপাল গোস্বামী, লড়াকু সংগঠক বরুন সাহা, সংগঠনের যুগ্ম সম্পাদক প্রসূন দাস, আমিনপুরের মহম্মদ সহিদুর রহমান, কুশমন্ডির গৌতম গোস্বামী। সভায় বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের যুগ্ম সম্পাদক প্রসূন দাস জানান, আগামী ১লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকারের সাধারণ বাজেট পেশ হতে চলেছে। কালিয়াগঞ্জ–বুনিয়াদপুর রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু করতে হলে বাজেটে পর্যাপ্ত আর্থিক বরাদ্দ একান্ত প্রয়োজন। তাই আসন্ন রেল বাজেটে এই ৩৩ কিলোমিটার রেল প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করে কাজ অবিলম্বে শুরু করার দাবি জানান তিনি। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার উপর জোর দেন। কুশমন্ডির গৌতম গোস্বামীর বক্তব্য, কুশমন্ডি কার্যত উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপের মতো অবস্থায় রয়েছে। উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে রেলের সুবিধা থাকলেও কুশমন্ডি ও আমিনপুর এলাকার মানুষের যেন রেলের কোনো প্রয়োজন নেই। এমনই ভাবনা কাজ করছে বলে অভিযোগ করেন তিনি। তিনি রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের কাছে এই রেল প্রকল্প দ্রুত শুরু করার জন্য উদ্যোগী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি শাসক দলের কুশমন্ডির বিধায়ক রেখা রায় এবং বিধায়ক ও মন্ত্রী বিপ্লব মিত্রের কাছেও সহযোগিতার আবেদন জানান।পথসভায় সভাপতিত্ব করেন ভবেশ ভট্টাচার্য।