ডোমজুড়ের লালবাড়িতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ৪০৭ লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বাইক আরোহী যুবকের

ডোমজুড়ের লালবাড়িতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ৪০৭ লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বাইক আরোহী যুবকের

সুমন আদক, হাওড়া : মঙ্গলবার রাতে হাওড়ার ডোমজুড়ের লালবাড়ি এলাকায় জাতীয় সড়কের পাশে মর্মান্তিক পথ দুর্ঘটনায় বাইক আরোহী এক যুবকের মৃত্যু হয়। জানা গেছে, একটি ৪০৭ লরির সঙ্গে সংঘর্ষের পর রাস্তায় ছিটকে পড়ে লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শেখ মনিরুল। বয়স আনুমানিক ২৫ বছর। তিনি হাওড়ার সাঁকরাইলের পাঁচপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, নিবড়ার দিক থেকে মোটরবাইকে করে আসছিলেন মনিরুল। অন্যদিকে, বাঁকড়ার দিক থেকে আসছিল একটি ৪০৭ লরিটি। ডোমজুড়ের লালবাড়ি এলাকায় জাতীয় সড়কের পাশে দু'টি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাইক থেকে ছিটকে রাস্তায় ছিটকে পড়েন মনিরুল। ওই সময় ৪০৭ লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ডোমজুড় থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠায়। পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত বাইক ও ৪০৭ লরিটিকেও উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পর লরির চালককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ। বাইকের গতি অত্যন্ত বেশি ছিল বলে ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।