রডা কোম্পানির অস্ত্র লুঠের বর্ষপূর্তি উদযাপন 

রডা কোম্পানির অস্ত্র লুঠের বর্ষপূর্তি উদযাপন 

অসীম কুমার মিত্র : হাওড়া জেলার আমতা থানার অন্তর্গত রসপুর গ্রামে গত ২৬শে আগস্ট পালিত হল রডার অস্ত্র লুঠের ১১২ তম বর্ষপূর্তি উৎসব। ১৯৮৩ সালে রসপুর পিপলস্ লাইব্রেরীর উদ্যোগে গঠিত শ্রীশ চন্দ্র মিত্র ( হাবু ) স্মৃতিরক্ষা সমিতি বিগত ৪৩ বছর ধরে নিয়মিত ভাবে এই অনুষ্ঠান করে চলেছে। রসপুর পিপলস্ লাইব্রেরীর সম্মুখভাগে বিপ্লবী শ্রীশ চন্দ্র মিত্রের স্মৃতি ফলকের সামনে হওয়া এই অনুষ্ঠানটি বরাবরই এলাকাবাসীদের মনে খুবই গর্ব সঞ্চার করে। কারণ ১৯১৪ সালের ২৬ শে আগস্ট রডার অস্ত্র লুন্ঠন কর্মকাণ্ডে বিপিন বিহারী গাঙ্গুলী, অনুকূল মুখার্জি, হেমচন্দ্র ঘোষ, হরিদাস দত্ত, শ্রীশ পাল, খগেন দাস ছাড়াও আর একজন অসমসাহসী ডাকাবুকো বিপ্লবী যিনি জড়িত ছিলেন, তিনি হলেন রসপুর গ্রামের বাসিন্দা শ্রীশ চন্দ্র মিত্র ( হাবু )। স্মৃতি রক্ষা সমিতির সম্পাদক অসীম মিত্রের কথায় জানা গেল, এই অনুষ্ঠানটি হাওড়া জেলার মধ্যে একমাত্র রসপুর গ্রামেই নিয়মিত ভাবে পালন করা হয়।