সুভাষ চন্দ্র দাশ,বাসন্তী- অভিযোগ এসআইআর নিয়ে চরমতম হেনস্থার স্বীকার সাধারণ মানুষজন। এবার বাসন্তী তে প্রতিবাদ স্বরুপ পথ অবরোধ করে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হলেন এলাকার কয়েক হাজার মানুষ। সোমবার সকালে বাসন্তীর ভাঙনখালি বাজারে বিক্ষোভ অবস্থান শুরু হয়। বাসন্তী হাইওয়ের ওপর বসে পড়েন স্থানীয় প্রতিবাদীরা। রাস্তার উপর টায়ার পুড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকে। সকালে এমন অবস্থান বিক্ষোভের জেরে বাসন্তী হাইওয়েতে বন্ধ হয়ে যায় যান চলাচল। শুরু হয় যানজট।খবর পেয়ে বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী ও বাসন্তী ট্রাফিক পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।বিক্ষোভ অবস্থানকারীদের কে কোন প্রকারে বুঝিয়ে প্রায় এক ঘন্টা পর অবস্থান বিক্ষোভ তুলতে সক্ষম হয়।স্বাভাবিক হয় যান চলাচল।
অবস্থান বিক্ষোভ প্রসঙ্গে বিক্ষোভকারীদের দাবী, ‘এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রানি করছে নির্বাচন কমিশন। বয়স্ক বৃদ্ধা-বৃদ্ধদের ডাকা হচ্ছে শুনানির জন্য।সমস্ত কিছু ঠিক থাকা স্বত্বেও ডাকা হচ্ছে। শুনানি কেন্দ্রে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। আমরা কি পাকিস্তান কিংবা বাংলাদেশ থেকে এসেছি?২০০২ এর ভোটার লিষ্টে নাম রয়েছে। তা স্বত্বেও ডাকা হচ্ছে। এছাড়াও যাদের ছয় সন্তান রয়েছে তাদের কে ও শুনানির জন্য ডাকা হচ্ছে। এটা বিভাজন ও বৈষম্য তৈরীর চক্রান্ত করছে কেন্দ্রের বিজেপি সরকার ও নির্বাচন কমিশন। বিগত দিনের লিষ্ট যদি ভুল থাকে সে দায় তো নির্বাচন কমিশনের। তখন তো তথ্য নিয়েই যাচাই করে ভোটার লিষ্ট হয়েছিল।ভোট আসলেই যত নাটক শুরু হয়। নির্বাচন কমিশনের ভুল সিদ্ধান্ত এবং সাধারণ নাগরিকদের হয়রানি করার জন্য জন্য আমরা প্রতিবাদে সামিল হয়েছি। ’