তৃণমূল ছাড়া আর কোনও রাজনৈতিক দলকে ভোট দেবেন না', মন্তব্য মমতার

তৃণমূল ছাড়া আর কোনও রাজনৈতিক দলকে ভোট দেবেন না', মন্তব্য মমতার

সুমন আদক, হাওড়া:  হাওড়ার জগৎবল্লভপুর এবং ডোমজুড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুবীর চ্যাটার্জি ও তাপস মাইতি'র সমর্থনে জগৎবল্লভপুর হাসপাতাল সংলগ্ন মাঠে সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেন মমতা। তিনি বলেন, এজেন্সিকে দিয়ে সব কাজ করাচ্ছে। বুথে এজেন্ট দেওয়ার লোক নেই। এজেন্সি ভোট করাবে। আর কেন্দ্রীয় বাহিনী ভোটার তাড়িয়ে ছাপ্পা দেবে। মমতা বলেন, 'আমাদের লড়াই বিজেপির সাথে নয়। ওরা ভ্যানিস ওয়াশিং মেশিনকে খুঁটি হিসেবে দাঁড় করিয়েছে। ওরা সবাইকে ধমকাচ্ছে চমকাচ্ছে। তৃণমূল কংগ্রেসের কর্মীদের গ্রেপ্তারের অর্ডার দিচ্ছে। মধ্যরাতে ইডি, সিবিআই রেড করছে। একজনকে গ্রেফতার করলে হাজার জন বেরবে। হাজার জনকে গ্রেফতার করলে লক্ষ জন বেরবে।' মমতা আরও বলেন, বিহারে ওরা ভ‌োটের আগে একবারই দিয়েছিল আট হাজার। তারপর চালালো বুলডোজ়ার। আর এখন বলছে 'রুপিয়া বাপাস দো'। একটা জুমলা পার্টি। মিথ্যে বলতে লজ্জাও করে না। আবার এখানেও ওরা মিথ্যে বলতে শুরু করেছে। বলছে, ক্ষমতায় এলে নাকি মাসে তিন হাজার টাকা দেবে ? ওরা তো বলেছিল ভোটে জিতলে প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা করে দেবে। সেই টাকা কি কেউ পেয়েছেন আপনারা ? দিল্লিতেও ভোটের আগে ওরা প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতিও এখনও পালন করতে পারেনি। আমরা বলে যাচ্ছি তৃণমূল সরকার যতদিন থাকবে ততদিন বাংলায় প্রত্যেক মা-বোনেরা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবেন। মমতা বলেন, বাংলা সহ গোটা দেশটাকে নিজেদের এক্তিয়ারে আনার জন্য ওরা ডিলিমিটেশন বিল আনছে। ওরা বাংলাকে টার্গেট করছে। আমরা দিল্লিকে টার্গেট করব। বেছে বেছে উকুন বাছার মতো ভোট কাটছে। ৬০ লক্ষ হিন্দু ভোটারের নাম বাদ দিয়েছে। ৩০ লক্ষ মুসলিম ভোট বাদ দিয়েছে। মতুয়া ভোটও বাদ দিয়েছে। রাজবংশী, লোধা, আদিবাসী ভোট বাদ দিয়েছে। আমি নিজে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। বাংলায় কি বাংলার লোক থাকবে না ? তুমি রে-রে করে বাইরে থেকে লোক নিয়ে এসে ভোট দিয়ে চলে যাবে ? আপনাদের নাম কেটে বহিরাগতেরা ভোট দিতে এলে ছেড়ে দেবেন ? যদি বহিরাগত গুন্ডারা গুন্ডামি করে আপনার ভোট দিতে কেউ বাধা দেয় তাহলে তাঁদের কান ভালো করে মুলে দেবেন। সেইসঙ্গে ওদের নেতাদের এমন শিক্ষা দেবেন যাতে কেউ চ্যালেঞ্জ না করে। এদিন দলের কর্মীদের উদ্দেশ্যে মমতা বলেন, কাউন্টিংয়ে ভালো করে পাহারা দিতে হবে। এমনকি ভিভিপ্যাট মেশিন ভালো করে পরীক্ষা করে দেখতে হবে। মমতা বলেন, 'যখন এসআইআর শুরু হল তখন কোনও রাজনৈতিক দলকেই পাশে পাওয়া যায়নি। কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছিল। আর এখন ভোট আসতেই টাকার থলি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। নাম কেটেছে তো বিজেপি।' মমতা বলেন, 'তাই আপনারা নিজেদের স্বার্থে, ভবিষ্যতের স্বার্থে, সম্পত্তির স্বার্থে, ঠিকানার স্বার্থে, আশ্রয়ের স্বার্থে, বাঁচার স্বার্থে এবং অধিকারের স্বার্থে এই ভোটটা তৃণমূল কংগ্রেসকেই দিন। আর কোনও পার্টিকে দেবেন না।' উল্লেখ্য, এদিনের জনসভায় ডোমজুড় এবং জগৎবল্লভপুর এর তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা ছাড়াও মধ্য হাওড়া কেন্দ্রের প্রার্থী অরূপ রায়, উত্তর হাওড়া কেন্দ্রের প্রার্থী গৌতম চৌধুরী, বালি কেন্দ্রের প্রার্থী কৈলাশ মিশ্র, চন্দননগর কেন্দ্রের প্রার্থী ইন্দ্রনীল সেন, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।