বর্ষশেষের এই বিশেষ সংস্করণে শতাধিক সাইক্লিস্ট অংশগ্রহণ করলেন

বর্ষশেষের এই বিশেষ সংস্করণে শতাধিক সাইক্লিস্ট অংশগ্রহণ করলেন

কলকাতা, ২৮ ডিসেম্বর, ২০২৫:; ২০২৫ সালের ফিট ইন্ডিয়া 'সানডেজ অন সাইকেলে'র বর্ষশেষের বিশেষ সংস্করণ আজ কলকাতার সল্টলেকের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই) ক্যাম্পাসে সফলভাবে অনুষ্ঠিত হল। এটি ছিল জাতীয় ফিটনেস আন্দোলনের ৫৪-তম এবং চলতি বছরের শেষ সংস্করণ। অনুষ্ঠানে শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক সাইক্লিস্ট, স্বাস্থ্য সচেতন মানুষ ও সাধারণ নাগরিকবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা ক্রীড়াবিদরা। উপস্থিত ছিলেন চারবারের অলিম্পিয়ান ও প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন তিরন্দাজ, পদ্মশ্রী ও অর্জুন পুরস্কারপ্রাপ্ত দীপিকা কুমারী। তাঁর সঙ্গে ছিলেন অলিম্পিয়ান ও অর্জুন পুরস্কারপ্রাপ্ত অতনু দাস, রাহুল বন্দ্যোপাধ্যায়, বম্বাইলা দেবী লাইশ্রাম ও মঙ্গল সিং চাম্পিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন অলিম্পিয়ান শুটার জয়দীপ কর্মকার এবং দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত ডাঃ কুন্তল রায়।
এদিন সকালে অনুষ্ঠানের সূচনা হয় এক মনোরম সাইকেল র‍্যালির মাধ্যমে। এরপর অনুষ্ঠিত হয় বিভিন্ন আকর্ষণীয় ক্রীড়া সংক্রান্ত অনুষ্ঠান, যার মধ্যে ছিল ফিটনেস সেশন, জুম্বা, দড়ি লাফ, যোগাভ্যাস এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এই আয়োজন ফিট ইন্ডিয়া আন্দোলনের চেতনাকে উজ্জীবিত করে, যেখানে সব বয়সের মানুষের জন্য ফিটনেসকে সহজ ও আনন্দদায়ক করে তোলার চেষ্টা করা হয়।
কলকাতার পাশাপাশি, সারা দেশের ১০,০০০–এরও বেশি স্থানে, বিশেষত, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ও খেলো ইন্ডিয়া কেন্দ্রগুলিতে, একযোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ডাঃ মনসুখ মান্ডাভিয়া–র উদ্যোগে ডিসেম্বর ২০২৪–এ শুরু হওয়া ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল আজ একটি জন-আন্দোলনে পরিণত হয়েছে, যা নিয়মিত শরীরচর্চা ও পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থার প্রতি জনসচেতনতা গড়ে তুলতে সক্ষম হয়েছে। এখনও পর্যন্ত সারা দেশে ২ লক্ষেরও বেশি স্থানে ২০ লক্ষের বেশি মানুষ এই উদ্যোগে অংশগ্রহণ করেছেন।
২০২৫ সালের শেষ সংস্করণ হিসাবে কলকাতার এই আয়োজন “ফিটনেস কা ডোজ, আধা ঘণ্টা রোজ”-এই বার্তাকে জনগণের কাছে সফলভাবে পৌঁছে দিয়েছে।