বিজয় উৎসবের মেনুতে মাছ-ভাত, তৃণমূলের অপপ্রচারের জবাব দিল বিজেপি
সুমন আদক, হাওড়া: বিজয় উৎসবের মেনুতে মাছ-ভাত-মাংস। ভোটের আগে বাঙালির মাছ-ভাত ইস্যু নিয়ে তৃণমূলের অপপ্রচারের এভাবেই জবাব দিল বিজেপি। ডোমজুড়ের 'নিউ কোলড়া'র ঘটনা। গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের তরফে প্রচার করা হয়েছিল, বিজেপি বাংলায় ক্ষমতায় এলে বাঙালির মাছ-মাংস খাওয়া বন্ধ করে দেওয়া হবে। এর পাল্টা প্রচারে বিজেপি দাবি করেছিল, তারা ক্ষমতায় এলে বাঙালির চিরাচরিত খাদ্যাভ্যাসে কোনও হস্তক্ষেপ করা হবে না। ভোটের সময় বিজেপি প্রার্থীকে মাছের বাজারে গিয়ে মাছ কাটতেও দেখা গিয়েছিল। এরপর গত ৪মে রাজ্যে ক্ষমতার পালাবদলের পর বিভিন্ন জেলায় বিজেপি কর্মীদের বিজয় উৎসব পালন করতে দেখা যাচ্ছে। সেই আবহে রবিবার হাওড়ার সাঁকরাইল বিধানসভার নিউ কোলড়ার ৪৬ নম্বর বুথে বিজেপি কর্মীদের উদ্যোগে আয়োজন করা হয় মাছ-ভাতের ভোজের। এই বিষয়ে বিজেপি নেতা সঞ্জিত জানা জানান, তৃণমূল কংগ্রেস অপপ্রচার করেছিল যে বিজেপি ক্ষমতায় এলে বাঙালির খাদ্য তালিকা থেকে মাছ তুলে দেওয়া হবে। আজ বিজেপি ক্ষমতায় এসেছে। যারা বলেছিল মাছ খেতে দেওয়া হবে না, তাদের উদ্দেশেই এই মাছ-ভাতের আয়োজন। নিউ কোলড়া পশ্চিম পাড়ার সমস্ত পরিবারকেই এদিন নিমন্ত্রণ করা হয়েছিল। এখানে কোনও দল বা রাজনৈতিক রং দেখে কাউকে ডাকা হয়নি। অন্য দলের মানুষও এসে মাছ-ভাত খেয়ে গিয়েছেন। বিজেপি খাদ্য নিয়ে রাজনীতি করে না, এই আয়োজনই তার প্রমাণ। রবিবার সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, দীনদয়াল উপাধ্যায় এবং ভীমরাও রামজি আম্বেদকর-এর প্রতিকৃতিতে মাল্যদান করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর দুপুরে ওই মধ্যাহ্নভোজ এর আয়োজন করা হয়। মেনুতে ছিল ভাত, আলুভাজা, পটল-চিংড়ি, মাছ, মাংস, চাটনি, পাপড়, মিষ্টি আর আইসক্রিম।
admin