সুভাষ চন্দ্র দাশ,বাসন্তী -ভয়াবহ অগ্নিকান্ডে এক বিজেপি কর্মী সমর্থকের বাড়িঘর পুড়ে ছাই হয়ে যায়।মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত উত্তর মোকামবেড়িয়া পঞ্চায়েতের আমড়াতলা সংলগ্ন তেঁতুলতলা আদিবাসী গ্রামে।অভিযোগের তির স্থানীয় এক তৃণমূল কর্মী সমর্থকের বিরুদ্ধে।ঘটনার বিষয়ে বাসন্তী থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ কাশীনাথ নস্কর নামে এক তৃণমূল কর্মী সমর্থককে আটক করে জিঞ্জাসাবাদ শুরু করেছে। পাশাপাশি ঘটনার তদন্তে শুরু হয়েছে।ইতিমধ্যে ভয়াবহ এই অগ্নিকান্ডের ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে,বাসন্তীর আমড়াতলা সংলগ্ন তেঁতুলতলা আদিবাসী পাড়ার বাসিন্দা বাসিন্দা ভারতী মন্ডল। তিনি বাসন্তীর কুলতলিতে বসবাস করেন। তিনি স্থানীয় বাসন্তী ব্লকের ২ নম্বর মন্ডলের বিজেপির মহিলা মোর্চার সম্পাদিকা। অন্যদিকে তাঁর শ্বশুর ফকির নস্কর ও শাশুড়ি সাবিত্রী নস্কর তেঁতুলতলা গ্রামে বসবাস করেন। ফকির নস্করের দুই ছেলে প্রবীর ও প্রশান্ত নস্কর কাজের সুত্রে বাইরে থাকেন।
অভিযোগ বিজেপি করার অপরাধে সোমবার দুপুরে নস্কর দম্পতির সাথে বচসা হয় স্থানীয় তৃণমূল কর্মী সমর্থক কাশীনাথ নস্করের। অভিযোগ বচসার সময় কাশীনাথ নস্কর বৃদ্ধ দম্পতিকে উৎখাত করে দেওয়ার হুমকি দেয়। এমন কি ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলার মতো হমকি দেয় বলে অভিযোগ।
মঙ্গলবার গভীর রাতে বৃদ্ধ দম্পতি যখন ঘরের মধ্যে ঘুমে অচেতন,সেই সময় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা সমস্ত কিছুই গ্রাস করে নেয়। দমকল কে খবর দেওয়া হলেও মুহূর্তে পুড়ে ছারখার হয়ে যায় সমস্ত কিছুই। স্থানীয়রা জীবনের ঝুঁকি নিয়ে ভয়াবহ অগ্নিকান্ডের হাত থেকে কোন প্রকারে অক্ষত অবস্থায় বৃদ্ধ নস্কর দম্পতিকে উদ্ধার করে প্রাণে বাঁচায়। নস্কর পরিবারের অভিযোগ ভয়াবহ অগ্নিকান্ডে ঘরের মধ্যে রাখা নগদ দেড় লাখ টাকা,সোনার গহনা,টিভি,বাড়ির আসবাপত্র,মূল্যবান নথী সহ দু-কুইন্টাল চাল পুড়ে ছাই হয়ে যায়। অবশিষ্ট কিছুই নেই।এমনকি কাশীনাথ নস্কর চক্রান্ত করে এই ঘটনা ঘটিয়েছে।’
অন্যদিকে বর্তমানে অসহায় হয়ে খোলা আকাশের নীচে রয়েছেন বিজেপি কর্মী সমর্থক বৃদ্ধ নস্কর দম্পতি। ঘটনার বিষয় জানতে পেরে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিজেপি নেতা সঞ্জয় নায়েক ও বিকাশ সরদার সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব।
ঘটনা প্রসঙ্গে বাসন্তী ২ নম্বর মন্ডলের মহিলা মোর্চার সম্পাদিকা ভারতী মন্ডল জানিয়েছেন, ‘ আমার শ্বশুর শাশুড়ি বিজেপি করে বলে এলাকার তৃণমূল কর্মী কাশীনাথ সহ অন্যান্যরা হুমকি দিতে থাকে। এমন কি বিগত দিনে মারধর ও করা হয়েছিল। সোমবার কাশীনাথ বচসা করে। তারপর ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়ে উৎখাত করার হুমকি দেয়। মঙ্গলবার গভীর রাতে ঘরে আগুন দেয়।সমস্ত কিছু পুড়ে ছারখার হয়ে গেলেও শ্বশুর শাশুড়ি কোন প্রকারে প্রাণে বেঁচে যায়। ঘটনা প্রসঙ্গে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। ’
বিজেপি নেতা সঞ্জয় নায়েক জানিয়েছেন, ‘বিজেপি করার অপরাধে বিজেপি পরিবারের সদস্যদের ঘরে যে ভাবে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এমন জঘন্য নিন্দনীয় কাজ তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোন সুস্থ মস্তিষ্কের মানুষ করতে পারে না। যে বা যারা এই ঘটনায় যুক্ত তাদের কঠোর শাস্তির দাবী জানাচ্ছি। ’
অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে বাসন্তীর বিধায়ক শ্যামল মন্ডল জানিয়েছেন, ‘মঙ্গলবার গভীর রাতে তেঁতুলতলায় যে ঘটনা ঘটেছে,সে বিষয়ে বিজেপি যা যা অভিযোগ করছে তা ভিত্তিহীন এবং মিথ্যা অভিযোগ। এটা রাজনৈতিক ষড়যন্ত্র,চক্রান্ত।পুলিশ কে অনুরোধ করেছি,পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।’