শ্রীনিকেতন-বল্লভপুর রোডে ভয়াবহ পথ দুর্ঘটনা, গুরুতর জখম দুই যুবক
বীরভূমের শ্রীনিকেতন থেকে বল্লভপুর রোডে ভয়াবহ পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রবিবার দুপুরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন দুই বাইক আরোহী যুবক। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, ইলামবাজার থেকে সরষালের উদ্দেশ্যে একটি মোটরবাইকে করে দুই যুবক যাচ্ছিলেন। সেই সময় শ্রীনিকেতন-বল্লভপুর রোডে একটি ছোট হাতি গাড়ির সঙ্গে বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয় বলে দাবি আহত এক জনের। সংঘর্ষের অভিঘাতে বাইকটি রাস্তার উপর ছিটকে পড়ে যায় এবং দুই আরোহী গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনার শব্দ শুনে আশপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধারকাজে হাত লাগান।
স্থানীয়দের একাংশের দাবি, ঠিক কী কারণে এবং কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পর কিছুক্ষণের জন্য এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বোলপুর ট্রাফিক বিভাগের ওসি-সহ বিশাল পুলিশ বাহিনী।
পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে আহত দুই যুবককে দ্রুত উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।
এদিকে, দুর্ঘটনাগ্রস্ত বাইকটিকে পুলিশ আটক করেছে। ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
admin