হাওড়ায় অরূপ রায়ের 'উন্নয়নের ইস্তেহার প্রকাশ' নাগরিক সমাজের হাত ধরে
সুমন আদক, হাওড়া: আসন্ন বিধানসভা ভোটের আগে এবার হাওড়ায় নাগরিক সমাজের বিশিষ্টজনেরা মধ্য হাওড়ার বিধায়ক মন্ত্রী অরূপ রায়ের বিগত পাঁচ বছরের 'উন্নয়নের খতিয়ান' তুলে ধরে সাংবাদিক বৈঠক করলেন। অধ্যাপক, শিক্ষক, শিক্ষাবিদ, চিকিৎসক, সমাজসেবী থেকে শুরু করে নাগরিক সমাজের প্রতিনিধিরা এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন। বিগত পাঁচ বছরে মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় "বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল" এর অর্থে কাজের খতিয়ান তুলে ধরে এদিন 'উন্নয়নের ইস্তেহার' প্রকাশ করা হয়। শনিবার সকালে মধ্য হাওড়ার সুরকিকল মোড়ে তৃণমূল কংগ্রেসের 'ওয়ার রুমে' আয়োজিত এদিনের সাংবাদিক বৈঠকে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট চিকিৎসক ডাঃ সিরাজ আহমেদ, ডাঃ নিশীথ রঞ্জন চৌধুরী, ডাঃ মিলন চক্রবর্তী, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষিকা ডঃ শুভ্রা চক্রবর্তী, প্রাক্তন অধ্যাপক সুব্রত ঘোষ, বিশিষ্ট শিক্ষাবিদ মামুন আখতার, বিশিষ্ট সমাজসেবী ওম ভাটিয়া, সন্দীপ দাগা, সুভাষ সুলতানিয়া প্রমুখ। উল্লেখ্য, এর আগেও বিগত ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রাক্কালে হাওড়া সদর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে 'হাওড়া বুদ্ধিজীবী মঞ্চ' এর তরফে বিশিষ্ট নাগরিক সমাজ ও বুদ্ধিজীবীরা পদযাত্রা করেছিলেন। এদিনের সাংবাদিক বৈঠকে ওই বিষয়ে প্রশ্ন করা হলে অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায় বলেন, এখনও বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। প্রার্থী তালিকাও ঘোষিত হয়নি। আমাদের পরবর্তী কর্মসূচি কি হবে তা আমরা এরপর আলোচনার মাধ্যমে স্থির করব। মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি'র সাম্প্রতিক 'চার্জশিট' প্রকাশের বিষয়ে প্রশ্ন করা হলে অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায় বলেন, 'বিজেপি'র যারা এমন চার্জশিট দিচ্ছেন তাঁদের আমরা প্রকাশ্যে চ্যালেঞ্জ করছি ওনারা সংখ্যতত্ব তথ্য নিয়ে প্রকাশ্যে হাজির হোন এবং সেখানে মাননীয় মন্ত্রী কিংবা তাঁর কোনও প্রতিনিধি সংখ্যাতত্ত্ব নিয়ে হাজির হবেন। সেখানে পরিসংখ্যান নিয়েই প্রকাশ্যে কথা হবে। আমি একাধিক বিধানসভা কেন্দ্রে গিয়ে দেখেছি সেখানে বিজেপির বিধায়কদের কোনও টিকি পাওয়া যাচ্ছে না। একটা বিধানসভা কেন্দ্রে সব কাজই যে ১০০ শতাংশ করা গিয়েছে বা করা হয়েছে এটা কখনোই আমরা বলতে পারিনা। সব জায়গাতেই কিছু ত্রুটি-বিচ্যুতি থাকে।' বহুক্ষেত্রে 'দুর্নীতি' এবং 'বেনিয়ম' নিয়ে বিজেপির তোলা অভিযোগ প্রসঙ্গে সুমন বাবু বলেন, 'পশ্চিমবঙ্গের বাইরে যে কোনও রাজ্যে গিয়ে নিঃশব্দে ঘুরে আসুন, তথ্য জোগাড় করে আনুন। দেখবেন সেখানেও অনেক অভিযোগ উঠে আসবে। বরং এরাজ্যে কোনও অভিযোগ এলে সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে।'
admin