গোসাবায় আক্রান্ত বিজেপির এসসি মোর্চার জেলা সভাপতি

গোসাবায় আক্রান্ত বিজেপির এসসি মোর্চার জেলা সভাপতি
সুভাষ চন্দ্র দাশ,গোসাবা - ১২৭ গোসাবা বিধানসভা এলাকায় গুরুতর জখম হলেন বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার এসসি মোর্চার সভাপতি সন্দীপ মৃধা। তাঁকে প্রথম গোসাবা ব্লক হাসপাতাল ও পরে ক্যানিং মহকুমা হাসপাতাল হয়ে কলকাতায় স্থানান্তরিত করা হয় চিকিৎসার জন্য।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে বুধবার নির্বাচনের সময় ১২৭ গোসাবা বিধানসভার রাধানগর-তারানগর এলাকার ৯১ নম্বর বুথে এজেন্ট বসানোর জন্য গিয়েছিলেন।অভিযোগ সেখানে তাঁকে তৃণমূল আশ্রিত শতাধিক দুষ্কৃতি ঘিরে ধরে। বাঁশ লাঠি দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।যদিও ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজীর হয় কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে বিজেপি কর্মী সমর্থকরা সন্দীপ মৃধাকে উদ্ধার করে। চিকিৎসার জন্য গোসাবা ব্লক হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ক্যানিং মহকুমা হাসপাতাল হয়ে কলকাতায় স্থানান্তরিত করা হয়। 
ঘটনা প্রসঙ্গে জয়নগর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সঞ্জয় সিনহা বলেছেন, ‘গোসাবায় তৃণমূলের পায়ের তলায় মাটি নেই।হেরে যাবে ভেবে তৃণমূল কংগ্রেসের হার্মাদ বাহিনীর লোকজন অতর্কিতে আমাদের জেলা এসসি মোর্চার সভাপতি সন্দীপ মৃধাকে আক্রমণ করে বেধড়ক মারধর করে। আমরা অভিযুক্তদের শাস্তির আবেদন জানিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছি।’