ডিজে বাজানোর প্রতিবাদ করায় সাংবাদিকের বাড়িতে হামলার অভিযোগ, গ্রেপ্তার ২
বিশাল দাস, বীরভূম, বোলপুর: গভীর রাতে উচ্চস্বরে ডিজে বক্স বাজানোর প্রতিবাদ করায় সাংবাদিক সম্রাট ভান্ডারীর উপর হামলা, মারধর এবং তাঁর বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল পারুই থানার বিদ্যাধরপুর গ্রামের কয়েকজন কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি তিন অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে বলে জানা গিয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত ২৩ তারিখ একাদশীর পরবর্তী রাতে রাত সাড়ে ১২টা পেরিয়ে গেলেও বিদ্যাধরপুর গ্রামে উচ্চস্বরে ডিজে বাজানো হচ্ছিল। প্রশাসনিক নির্দেশিকা মেনে সিভিক ভলান্টিয়াররা ডিজে বন্ধ করে দিলেও পরে ফের তা বাজানো শুরু হয় বলে অভিযোগ। সেই সময় ডিজে বন্ধ করার কথা বলায় সাংবাদিক সম্রাট ভান্ডারীর সঙ্গে কয়েকজনের বচসা শুরু হয়। অভিযোগ, এরপরই কয়েকজন তাঁর উপর চড়াও হয়ে মারধর করেন।
অভিযোগ আরও, ঘটনার পর অভিযুক্তরা সম্রাট ভান্ডারীর বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করেন। পাশাপাশি বাড়ির খাবার নষ্ট করা এবং বাড়িঘর ভাঙচুরেরও অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পারুই থানার পুলিশ।
এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দলের অন্যতম সদস্য সুদীপ্ত মণ্ডল ও সুজয়কে গ্রেপ্তার করে। বাকি তিন অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃত দু’জনকে বোলপুর মহকুমা আদালতে পেশ করা হলে আদালত তাঁদের জেল হেফাজতের নির্দেশ দেয়।
অন্যদিকে, সংশ্লিষ্ট কনটেন্ট ক্রিয়েটরদের চ্যানেলে প্রকাশিত কয়েকটি ভিডিওর বিষয়বস্তু নিয়েও স্থানীয়দের একাংশের মধ্যে অসন্তোষ রয়েছে বলে জানা গিয়েছে।
ঘটনায় ঠিক কী হয়েছিল, তার পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করতে তদন্ত শুরু করেছে পারুই থানার পুলিশ। তবে গভীর রাতে ডিজে বাজানোকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিবাদ কীভাবে হামলা ও ভাঙচুরের অভিযোগে গড়াল, তা নিয়েই এখন এলাকায় চর্চা চলছে।
admin