হাওড়ার মালিপাঁচঘড়া এলাকায় নর্দমা থেকে উদ্ধার গাড়ি চালকের দেহ
হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকায় ধর্মতলা রোডে রাস্তার ধারের একটি হাইড্রেন থেকে উদ্ধার হয়েছে পেশায় গাড়ি চালক এক যুবকের দেহ। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর তদন্তে নেমেছে পুলিশ। বুধবার সকালে ধর্মতলা রোড এলাকায় ওই মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মৃত ব্যক্তির নাম বিবেক কুমার পাণ্ডে (৩৫)। পেশায় তিনি একজন গাড়ি চালক ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত থেকেই বিবেক পাণ্ডের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা তাঁর সন্ধান চালাচ্ছিলেন। এদিন সাতসকালে ধর্মতলা রোডের একটি ড্রেনে এক যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হলে মালিপাঁচঘড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। পরে জানা যায়, মৃতের আদি বাড়ি বিহারে। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বয়ান অনুযায়ী, ওই যুবক মদ্যপ অবস্থায় মাঝেমধ্যেই এলাকায় ঘুরে বেড়াতেন। খুব সম্ভবত মদ্যপ অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেনে পড়ে গিয়েই তাঁর মৃত্যু হয়েছে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে।
admin