কাসভের নাম উল্লেখ করে ইমেইল সিউড়ি আদালতে
নিজস্ব প্রতিনিধি,সিউড়ি - ২৫ ফেব্রুয়ারির পুনরাবৃত্তি হয়েছে ৯ মার্চ । আবার এদিন ছিল বার অ্যাসোসিয়েশনের নির্বাচন । ভোটগ্রহনের আবহে সিউড়ি জেলা আদালতে ফের বোমা মারার হূমকি ইমেল ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। ঘটনা এমন সময় ঘটেছে যখন কি না ‘বিচারাধীন’ ভোটারদের নথি যাচাইয়ে ব্যস্ত রয়েছে জেলা ও ভিনরাজ্যের ভাল সংখ্যার বিচারকরা । পরপর হূমকি ইমেল কে বা কারা পাঠাচ্ছ, কিই বা এর উদ্দেশ্য ? এখনও পুলিশ খোলসা করে নি । আদালত সূত্রে জানা গেছে, ৯ মার্চ সকালে জেলা আদালতের সরকারি ই-মেলে একটি বার্তা পাঠিয়ে ‘হূমকি’ দেওয়া হয় । হূমকি ইমেলে উল্লেখ করা হয় যে আদালত চত্বরে বোমা রাখা আছে এবং যেকোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে । খবরটি জানাজানি হতেই পুলিশ ও বম্ব স্কোয়াডের তৎপরতা শুরু হয় । মেটাল ডিটেক্টর ও বোমা সনাক্তকরণ যন্ত্র নিয়ে শুরু হয় চিরুনি তল্লাশি ।বিচারকদের এজলাস থেকে শুরু করে আদালতের প্রতিটি কোণা তন্নতন্ন করে তল্লাশি চালায় পুলিশ । আগেরদিনের মত এদিনও মেলে নি কোনো সন্দেহভাজন বস্তুর হদিশ । তবে প্রশ্ন উঠছে বারবার আদালতকেই কেন নিশানা করা হচ্ছে ? আরো বড় প্রশ্ন, পরপর একই ঘটনার পুনরাবৃত্তি সত্বেও পুলিশই বা এমন হূমকি ইমেল প্রেরকদের খুঁজে বের করার ব্যাপারে কতটা এগিয়েছে ? সিউড়ি জেলা আদালতের সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায় বলেন, "গত ২৫ ফেব্রুয়ারি ও এদিন আসা ইমেলের ভাষা প্রায় অনুরূপ । এবার অতিরিক্ত কিছু কথা জোড়া হয়েছে । যেমন এদিন আসা ইমেলে আজমল কাসভের নাম উল্লেখ করে লেখা হয়েছে — ‘আজমল কাসভের কথা মনে আছে তো ?’ রীতিমতো শাসানো হয়েছে । লঘু করে দেখার পরিণতি কি হতে পারে তা বোঝাতে অন্য রাজ্যে ঘটা বিস্ফোরণের ঘটনার উদাহরণও টানা হয়েছে ইমেলের বয়ানে ।’’
admin