কেএমসি টাকাপয়সা বিলি বিতরণে এগিয়ে

কেএমসি টাকাপয়সা বিলি বিতরণে এগিয়ে
বরুণ মণ্ডল: আগামী এপ্রিল মাসে রাজ্যে অষ্টাদশ বিধানসভা নির্বাচন।  সেই নির্বাচনের দিকে লক্ষ্য রেখে মূল কলকাতার ১১ বিধানসভা কেন্দ্র এবং কলকাতা পৌর এলাকার বেহালা পূর্ব ও পশ্চিম, টালিগঞ্জ, কসবাসহ যাদবপুর ও মেটিয়াব্রুজ বিধানসভা কেন্দ্র নিয়ে কলকাতা পৌর এলাকার এই মোট ১৭ টি বিধানসভা কেন্দ্রকে তৃণমূল কংগ্রেস পুনরায় নিজেদের দখলে রাখার একরকম উদ্দেশ্য নিয়ে নেমে পড়েছে।  তার প্রতিফলন পৌর বাজেট বরাদ্দেই নির্দিষ্ট রূপে লক্ষ্য করা যাচ্ছে।    এবারের কলকাতা পৌরসংস্থার ২০২৬ - '২৭ অর্থবর্ষের আনুমানিক বাজেট বরাদ্দে(আয়-ব্যয় বরাদ্দ) ও ২০২৫ - '২৬ অর্থবর্ষের সংশোধিত বাজেট বরাদ্দে কলকাতা পৌরসংস্থার সমাজকল্যাণ ও নগর দারিদ্র্য দূরীকরণ দফতর উদারহস্তে দীনদানে নেমে পড়েছে।   কলকাতা পৌর এলাকার চলতি ২০২৫ - '২৬ অর্থবর্ষসহ এপর্যন্ত সর্বমোট ৬,৫৮,৪৪৯ জন ভোটারের নাম রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উপভোক্তার তালিকায় যুক্ত হয়েছে।  উপভোক্তাদের মাসে দেড় হাজার ও ১৭শো টাকা দেওয়া হচ্ছে।  আবার চলতি ২০২৫ - '২৬ অর্থবর্ষে কলকাতা পৌর এলাকার রাজ্যের ‘জয় বাংলা পেনশন স্কিমে' এপর্যন্ত সর্বমোট ২,১৬,৮০৫ জনে'র নাম নথিভুক্ত হয়েছে।   তাদের এপর্যন্ত মোট ২৬০ কোটি ১৭ লক্ষ টাকা পেনশন বাবদ প্রদান করা হয়েছে।  রাজ্যের রূপশ্রী প্রকল্পে চলতি অর্থবর্ষে কলকাতা পৌর এলাকার এপর্যন্ত ১,৯৮৫ জন বিবাহযোগ্যা কন্যার প্রত্যেককে ২৫ হাজার করে অনুদান দেওয়া হয়েছে।  রাজ্যের মা কিচেন প্রকল্পে কলকাতায় নিত্য ৫ টাকার বিনিময়ে কমবেশি ৫১ লক্ষ প্লেট ডিম-ভাত দেওয়া হচ্ছে এবং এতে খরচের পরিমাণ প্রায় ৭ কোটি টাকা।   এন এস এ পি(ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স্ প্রোগ্রাম) প্রকল্পের  অধীনে থাকা পেনশন প্রকল্পে চলতি অর্থবর্ষে কলকাতা পৌর এলাকার মোট ৩৩,৪৩৩ জনকে মাথাপিছু মাসিক ১ হাজার টাকা করে দেওয়া হয়েছে।   কলকাতা পৌরসংস্থার এই টাকাপয়সা বিলি বিতরণ দফতর কাজের ক্ষেত্রে পৌরসংস্থার অন্যান্য দফতরকে একশো শতাংশ টেক্কা দিয়েছে।
এই দফতরের মেয়র পারিষদ মিতালি বন্দ্যোপাধ্যায় আগামী অর্থবর্ষের বাজেট পর্যালোচলায় বলেন, এই পৌরবোর্ডের অধীনে কলকাতার ১৪৪টি ওয়ার্ডে মোট ২৪,৭৮৫টি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে।  এ-ই গোষ্ঠীর মেয়েরা কেউ ‘মা কিচেন' করে, কেউ ‘মিড ডে মিল' করছে কেউ বা আবার ব্যাঙ্ক থেকে লোন নিয়ে বিভিন্ন সেলাইয়ের কাজ করছে।  এই সমাজকল্যাণ ও নগর দারিদ্র্য দূরীকরণ দফতরের জন্য চলতি অর্থবর্ষের শুরুতে বরাদ্দ হয়েছিল ২৯ কোটি ৫২ লক্ষ টাকা।  বছর শেষে সংশোধিত বাজেট বরাদ্দে দেখা যাচ্ছে খরচ হয়েছে ২৪ কোটি ৪৮ লক্ষ ৮৫ হাজার টাকা।  আবার আগামী ২০২৬ - '২৭ অর্থবর্ষের জন্য বরাদ্দ হল ২৯.৫০ কোটি টাকা।