চাউমিন কারখানায় অগ্নিকাণ্ড

চাউমিন কারখানায় অগ্নিকাণ্ড

শিলিগুড়ি : শিলিগুড়ি পুরনিগমের ৪৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত চম্পাসারির পোকাইজোত এলাকায় একটি চাউমিন কারখানায় বৃহস্পতিবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গিয়েছে, ভোর প্রায় ৫টা নাগাদ কারখানা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এরপরই এলাকায় হইচই পড়ে যায় এবং দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে দমকল বিভাগের ৩টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। পাশাপাশি, প্রধাননগর থানার পুলিশও ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

জানা গিয়েছে, কারখানার ভিতরে চাউমিন তৈরির বিভিন্ন সামগ্রী, প্লাস্টিকসহ অন্যান্য দাহ্য জিনিসপত্র থাকায় আগুন পুরোপুরি নেভাতে কিছুটা সময় লাগে।

এদিকে, এলাকাজুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।