নেতাজির স্মৃতিধন্য ‘বোস হাউস’ রামকৃষ্ণ মিশনের হাতে

নেতাজির স্মৃতিধন্য ‘বোস হাউস’ রামকৃষ্ণ মিশনের হাতে
মলয় সুর, হুগলি  শোনা যায় এক সময় এই বাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসু একাধিক বার এসেছিলেন। নেতাজির স্মৃতিধন্য হুগলির রিষড়ার এই ‘বোস হাউস’-টি।  এই বাড়িটি রামকৃষ্ণ মিশনের হাতে তুলে দিলেন টায়ারের রবার কেমিক্যাল গ্রুপের কর্ণধার পরিতোষ মোহন চক্রবর্তী। গঙ্গাপাড়ের মনোরম পরিবেশে আড়াই বিঘের বেশি আয়তনের বাগানবাড়িটি ছিল নেতাজির দাদা শরৎচন্দ্র বসুর। বাড়িটিতে চারটি ঘর রয়েছে। গোটা এলাকা গাছগাছালিতে ঘেরা। পরবর্তী সময়ে ওই বাগানবাড়ি একটি কারখানার হাতে চলে যায়। তারা বাড়ি সংলগ্ন গঙ্গার ওপর জেটি তৈরি করেছিল। কারখানার কাজের জন্য জাহাজে করে নুন আসত এখানে। ২০০৫ সালে বাড়িটি পি.এম.সি-র হাতে আসে। এতদিন তারা বাড়িটির রক্ষণাবেক্ষণ করছিল। এই বাড়িটি বহুবার হাতবদল হয়। বাড়ির মালিকরা চাইছিলেন রামকৃষ্ণ মিশনের হাতে তুলে দিতে। নেতাজির স্মৃতিধন্য এই ঐতিহাসিক বাড়িটি এমন কোন প্রতিষ্ঠানের হাতে অর্পণ করতে যাতে এই স্থানটির গরিমা অক্ষুণ্ণ থাকে। বেলুড়ের রামকৃষ্ণ-বিবেকানন্দ মঠ কর্তৃপক্ষ এই ঐতিহাসিক বাড়িটি রক্ষণাবেক্ষণ করে। সেখানে নেতাজি এবং বিবেকানন্দের ওপর সংগ্রহশালা তৈরি হবে। ছাত্রছাত্রীদের পঠনপাঠনের জন্য একটি প্রতিষ্ঠান তৈরির পরিকল্পনাও রয়েছে। টায়ারের রাবার তৈরির ক্ষেত্রে যে রাসায়নিক ব্যবহৃত হয় রিষড়ায় পিএমসির কারখানায় তা তৈরি করা হয়। হায়দ্রাবাদেও তাদের কারখানা রয়েছে। ওই সংস্থা নেতাজির স্মৃতিবিজড়িত বাগানবাড়িটি বেলুড় রামকৃষ্ণ মিশনের হাতে তুলে দেওয়ায় রিষড়ার সাধারণ মানুষ এবং ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত লোকজন খুশি।