বাসন্তী থানার আইসি সাসপেন্ড, শুরু বিভাগীয় তদন্ত

বাসন্তী থানার আইসি সাসপেন্ড, শুরু বিভাগীয় তদন্ত
সুভাষ চন্দ্র দাশ, বাসন্তী: বাসন্তীর সাম্প্রতিক অশান্তির ঘটনার পরদিনই কড়া পদক্ষেপ নিল প্রশাসন। বৃহস্পতিবারের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সাসপেন্ড করা হলো বাসন্তী থানার আইসি অভিজিৎ পালকে। তাঁর জায়গায় দায়িত্ব নিতে আসছেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের প্রবীর ঘোষ। নির্দেশ অনুযায়ী, শুক্রবার রাত নটার মধ্যেই তাঁকে নতুন দায়িত্বে যোগ দিতে বলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই ঘটনার জেরে ইতিমধ্যেই অভিজিৎ পালের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার বাসন্তীতে ঘটে যাওয়া সংঘর্ষে অন্তত ৮ জন পুলিশ কর্মী আহত হন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠায় বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখতে শুরু করে নির্বাচন কমিশনও।
এই ঘটনার রেশ কাটতে না কাটতেই প্রশাসনের এই দ্রুত সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। নতুন আইসির নেতৃত্বে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখাই এখন প্রধান চ্যালেঞ্জ প্রশাসনের সামনে।