বোলপুরে ডাম্পারের ধাক্কায় আদিবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু, ক্ষোভে ফেটে পড়ল এলাকাবাসী

বোলপুরে ডাম্পারের ধাক্কায় আদিবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু, ক্ষোভে ফেটে পড়ল এলাকাবাসী

বোলপুরে ফের ডাম্পারের দৌরাত্ম্যে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল। ভর সন্ধ্যায় বোলপুর-মকরমপুর রাস্তায় উত্তরনারায়ণপুরের কাছে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক আদিবাসী যুবক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মকরমপুরের বাগানপাড়ার বাসিন্দা ২৯ বছর বয়সি বিজয় মাড্ডি মোটরবাইক নিয়ে শ্বশুরবাড়ি বনডাঙ্গার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। অভিযোগ, নির্মীয়মাণ রাস্তার উপর ছড়িয়ে থাকা বালির কারণে তাঁর বাইকের চাকা আচমকাই স্লিপ করে যায়। সেই সময় উল্টো দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে থাকা যুবকের উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর মুহূর্তের মধ্যে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা কিছু সময়ের জন্য রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান, ফলে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিনিকেতন থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বোলপুর মহকুমা হাসপাতালে।
উল্লেখ্য, বোলপুর-মকরমপুর রাস্তার বেহাল দশা নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ জানিয়ে আসছেন এলাকাবাসী। রাস্তার দাবিতে আন্দোলন ও অবরোধও হয়েছে একাধিকবার। বহু প্রতীক্ষার পর রাস্তার কাজ প্রায় শেষের পথে হলেও, নির্মাণকাজ চলাকালীন ফেলে রাখা বালিকেই এই দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করছেন স্থানীয়রা। পূর্ত দফতরের গড়িমসি ও তদারকির অভাব নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকার একাংশ।
এই ঘটনায় ফের প্রশ্ন উঠছে—আর কত প্রাণহানির পর নড়েচড়ে বসবে প্রশাসন?