বোলপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, আহত অন্তত ৮
বীরভূমের বোলপুরে ফের ভয়াবহ পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ বোলপুরের প্রভাত সরণি এলাকায় মুর্শিদাবাদ থেকে ভেদিয়াগামী কনে-যাত্রী বোঝাই একটি বাসের সঙ্গে ইটবোঝাই ট্রাক্টারের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় অন্তত সাত থেকে আটজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং সামনের কাচ ভেঙে রাস্তায় ছিটকে পড়ে। আচমকা এই দুর্ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই দ্রুত উদ্ধারকাজে নেমে আহতদের উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে পাঠান। সেখানে আহতদের চিকিৎসা চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
ঘটনার জেরে কিছু সময়ের জন্য প্রভাত সরণি এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। পরে বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাগ্রস্ত দুটি যান সরিয়ে স্বাভাবিক যান চলাচল পুনরায় চালু করে।
এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রভাত সরণি এলাকায় প্রায়শই ছোট-বড় দুর্ঘটনা ঘটে। অতীতেও একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে বলে দাবি তাঁদের। তাই অবিলম্বে ওই এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও জোরদার করা এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন স্থানীয়রা।
admin