রবীন্দ্র জয়ন্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর মুরারীলাল দত্ত ঠাকুরবাড়ি

রবীন্দ্র জয়ন্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর মুরারীলাল দত্ত ঠাকুরবাড়ি

হাবিব তানবীর, রামপুরহাট: রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর হয়ে উঠল মুরালীলাল দত্ত ঠাকুরবাড়ি। শনিবার সন্ধ্যা থেকে  রাত পর্যন্ত সংগীত শিক্ষায়তন ‘আনন্দ লহরি’-র উদ্যোগে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য সঙ্গীত অনুষ্ঠান।অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত,আবৃত্তির মাধ্যমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও শিল্পীরা। মনোজ্ঞ পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত দর্শকরা। অনুষ্ঠান প্রাঙ্গণে ছিল উৎসবের আবহ, দর্শকদের ভিড় ও উৎসাহে গোটা পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত।প্রতিষ্ঠানের কর্ণধর সানন্দা দাস মন্ডল জানান, “প্রতি বছরের মতো এবারও রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ছোট ছোট ছাত্রছাত্রীদের মধ্যে রবীন্দ্র সংস্কৃতির চর্চা ও প্রসার ঘটানোই আমাদের মূল উদ্দেশ্য।”
অনুষ্ঠানে এলাকার বিশিষ্টজন, অভিভাবক ও সংস্কৃতিপ্রেমী মানুষের উপস্থিতি অনুষ্ঠানকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। রবীন্দ্রচর্চার মধ্য দিয়ে নতুন প্রজন্মের মধ্যে বাঙালি সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়ানোর এই উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত সকলে।