"এই বছর আইন কিছুটা শিথিল করা হোক”, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন সাঁকরাইলের খাটাল মালিকদের

"এই বছর আইন কিছুটা শিথিল করা হোক”, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন সাঁকরাইলের খাটাল মালিকদের

"এই বছর আইন কিছুটা শিথিল করা হোক”, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন হাওড়ার সাঁকরাইলের খাটাল মালিকরা। রাজ্যে নতুন সরকারের শপথ গ্রহণের পর ১৯৫০ সালের পশু হত্যা আইন কঠোরভাবে কার্যকর হওয়ায় সমস্যায় পড়েছেন তাঁরা। এদের দাবি, আইন কার্যকর হওয়ার জন্য তাঁরা আগে থেকে প্রস্তুত ছিলেন না। ফলে প্রজনন ও দুধ উৎপাদনের ক্ষমতা হারানো গরু বিক্রির জন্য নেওয়া অগ্রিম টাকা এখন ফেরত চাইছেন ক্রেতারা। এতে চরম আর্থিক সঙ্কটে পড়েছেন বহু ব্যবসায়ী। সাঁকরাইল ব্লকের খাটাল মালিকদের বক্তব্য, প্রতি বছর বকরি ঈদের আগে এমন গরুগুলি বিক্রি করা হয় যেগুলি আর দুধ দেয় না বা প্রজনন ক্ষমতা হারিয়েছে। সেই বিক্রির টাকাতেই নতুন গরু কেনা হয় এবং খাটালের ব্যবসা সচল রাখা হয়। খাটাল মালিকদের অভিযোগ, নতুন আইন কার্যকর হওয়ায় তাঁরা বিপাকে পড়েছেন। অনেকেই আগাম চুক্তি অনুযায়ী ক্রেতাদের কাছ থেকে টাকা নিয়ে ফেলেছিলেন। এখন আইনগত জটিলতার কারণে গরু বিক্রি সম্ভব না হওয়ায় ক্রেতারা সেই টাকা ফেরত চাইছেন। তাঁদের আরও দাবি, এই বছর পরিস্থিতি বিবেচনা করে সরকার আইন কিছুটা শিথিল করুক। পরবর্তী বছর থেকে তাঁরা সম্পূর্ণভাবে সরকারি নিয়ম মেনে চলবেন বলে আশ্বাস দিয়েছেন। এদিকে, সাঁকরাইলের সমষ্টি উন্নয়ন আধিকারিক ডঃ কামরুল মুনির স্পষ্ট জানিয়েছেন, “আইনে যা বলা আছে, তার বাইরে কিছু করা সম্ভব নয়। পুরো প্রক্রিয়াই আইন মেনে হবে।”