খয়রাসোল থানার উদ্যোগে রাখী উৎসবে পথ নিরাপত্তা সচেতনতা কর্মসূচি
নিজস্ব প্রতিনিধি : রাখী বন্ধনের ইতিহাস অত্যন্ত প্রাচীন । ভারতীয় ধর্ম, সংস্কৃতি ও সামাজিক ঐতিহ্যের সঙ্গে এই উৎসব ওতপ্রোতভাবে জড়িত । প্রাচীনকাল থেকেই ভাই বোনের স্নেহ,ভালোবাসা ও পারস্পরিক সুরক্ষার প্রতীক হিসেবে রাখীবন্ধন উৎসব পালিত হয়ে আসছে । আধুনিক যুগে সম্প্রীতি ও ঐক্যের প্রতীক হিসেবে রাখী উৎসবকে বিশেষ মাত্রা দিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর । ১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় ব্রিটিশ সরকারের বিভাজন নীতির বিরুদ্ধে বাংলার মানুষের মধ্যে হিন্দু মুসলিম সম্প্রীতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে রবীন্দ্রনাথ ঠাকুর রাখী উৎসবকে সামাজিক বন্ধনের এক শক্তিশালী মাধ্যম হিসেবে তুলে ধরেন । ধর্ম-বর্ণ নির্বিশেষে পরস্পরের হাতে রাখী বাঁধার আহ্বানের মধ্য দিয়ে তিনি বাঙালির ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বার্তা দিয়েছিলেন । সেই ঐতিহ্য ও সম্প্রীতির বার্তাকে সামনে রেখে ২৮ আগস্ট পশ্চিমবঙ্গ সরকারের ঘোষণামতো বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে রাখীবন্ধন উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয় । তারই অঙ্গ হিসেবে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে খয়রাসোল থানার ব্যবস্থাপনায় স্থানীয় থানা চত্বরে দিনব্যাপী নানা সাংস্কৃতিক ও পথ নিরাপত্তা সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয় । পথ নিরাপত্তা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড,ব্যানার ও ফেস্টুন নিয়ে একটি পদযাত্রা বের করা হয় । পদযাত্রাটি স্থানীয় বাজার ও বাসস্ট্যান্ড এলাকা পরিক্রমা করে । পথচলতি মানুষ এবং বিভিন্ন যানবাহনের চালকদের হাতে রাখী পরিয়ে মিষ্টিমুখ করানো হয় । পুলিশ আধিকারিকরা যানবাহন চালকদের হেলমেট ও সিটবেল্ট ব্যবহারের আহ্বান জানান । নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি না চালানো এবং কানে হেডফোন লাগিয়ে যানবাহন চালানো থেকে বিরত থাকার জন্য সচেতন করা হয় । অনুষ্ঠানে সাংস্কৃতিক কর্মসূচিও ছিল বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু । স্থানীয় থানার পরিচালনায় ক্যারাটে স্কুলের ছাত্রছাত্রীরা ক্যারাটে প্রদর্শন করে ।যোগা স্কুলের ছেলেমেয়েদের যোগব্যায়াম প্রদর্শনের পাশাপাশি এলাকার কচিকাঁচারা মনোজ্ঞ নৃত্য পরিবেশন করে । শিশুদের পাশাপাশি অভিভাবকদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহে খয়রাসোল থানা চত্বর এদিন যেন ছোটখাটো মেলার আকার ধারণ করে । উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয় । পদযাত্রা ও মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম প্রতীক রায়,দুবরাজপুর সার্কেল ইন্সপেক্টর শুভাশীষ হালদার,খয়রাসোল থানার ওসি উৎপলকুমার দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিক,পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়াররা ।অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় বাসিন্দা তথা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মহুয়া চৌধুরী তাঁর শিশুকে নিয়ে থানায় আয়োজিত নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করাতে পেরে আনন্দ প্রকাশ করেন । তাঁর বক্তব্য অনুযায়ী, স্থানীয় থানার উদ্যোগে রাখীবন্ধনকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠান,পথ নিরাপত্তা সচেতনতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির যে বার্তা তুলে ধরা হয়েছে, তা নিঃসন্দেহে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে । সব মিলিয়ে রাখীর বন্ধনে সম্প্রীতি,সংস্কৃতি ও নিরাপদ পথ চলার বার্তা দিয়ে খয়রাসোল থানার এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে বিশেষ সাড়া ফেলেছে । পুরন্দরপুর বান্ধব সমিতির পক্ষ থেকে পবিত্র রাখি বন্ধন উৎসব উপলক্ষ্যে এক সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁইথিয়া বিধানসভার বিধায়ক কৃষ্ণকান্ত সাহা,সিউড়ি দুইনং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ঋষিতা দাস । খয়রাশোল,দুবরাজপুর, সিউড়ি সহ জেলার বিভিন্ন প্রান্তে রাখি বন্ধন উৎসব পালন করা হয় । সিউড়ী সদর হাসপাতাল পরিদর্শনের সময় নার্স দিদিদের স্নেহ ও ভালোবাসায় রাখি বন্ধনের এই সুন্দর মুহূর্তে আবদ্ধ হলেন সাঁইথিয়া বিধানসভাকেন্দ্রের বিধায়ক কৃষ্ণকান্ত সাহা ।
admin