জয়ের ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত সুন্দরবন উন্নয়ন মন্ত্রী

জয়ের ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত সুন্দরবন উন্নয়ন মন্ত্রী

নির্বাচনী দামামা বাজতেই প্রচারে ঝড় তুললেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরা। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লকের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাইজাপুর বিশালক্ষ্মী মায়ের মন্দিরে পুজো দিয়ে।আনুষ্ঠানিকভাবে নিজের প্রচার শুরু করেন তিনি। তৃণমূলের বর্ষীয়ান এই নেতা এবারও সাগর বিধানসভা কেন্দ্র থেকে দলের টিকিট পেয়েছেন। এর আগে চারবার এই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি। পঞ্চমবারের লড়াইয়ে নামার আগে এদিন মা বিশালক্ষ্মীর আশীর্বাদ নেন এবং মন্দির চত্বরে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ সারেন।
প্রচার শুরুর প্রথম দিনেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ান বঙ্কিমচন্দ্র হাজরা। তিনি অভিযোগ করেন: কেন্দ্রীয় সরকার বাংলাকে বারবার বঞ্চনা করছে। এসআইআর-এর নামে ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে।
নির্বাচনের আগে একাধিক প্রশাসনিক আধিকারিককে অন্যায্যভাবে বদলি করা হচ্ছে।
বিজেপি প্রার্থীকে নিয়ে এক প্রশ্নের জবাবে বঙ্কিমচন্দ্র হাজরা অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে জানান, "সাগরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষেই থাকবেন। গতবারের রেকর্ড ভেঙে এবার আমি ৩০ থেকে ৪০ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করব।"
পুজো দিয়ে বেরোনোর সময় তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় তৃণমূল নেতা-কর্মী ও এক বিশাল সংখ্যক অনুগামী। মন্ত্রীর এই জনসংযোগকে কেন্দ্র করে এদিন এলাকায় ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়।