তোলাবাজির অভিযোগ, নিমতা থেকে গ্রেফতার হাওড়ার তৃণমূল ওয়ার্ড সভাপতি

তোলাবাজির অভিযোগে পূর্বতন শাসকদলের প্রভাবশালী ওয়ার্ড সভাপতিকে গ্রেফতার করল পুলিশ। উত্তর ২৪ পরগনার নিমতা এলাকা থেকে তৃণমূল কংগ্রেসের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি আনন্দ গুপ্ত ওরফে টিংকুকে গ্রেফতার করে মালিপাঁচঘড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার গোপন সূত্রে খবর পেয়ে মালিপাঁচঘড়া থানার একটি বিশেষ টিম উত্তর ২৪ পরগনার নিমতায় অভিযান চালায়। সেখান থেকেই অভিযুক্ত তৃণমূল নেতাকে পাকড়াও করা হয়। তাঁর বিরুদ্ধে এলাকায় তোলাবাজি, ভীতি প্রদর্শন সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরেই পুলিশ তাঁর সন্ধান চালাচ্ছিল। অবশেষে সোমবার রাতে নিমতা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ধৃত তৃণমূল নেতাকে মঙ্গলবার আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় মালিপাঁচঘড়া থানার পুলিশ। অন্যদিকে, এর পাশাপাশি তোলাবাজি সহ একাধিক অভিযোগে বীরভূমের তারাপীঠ থেকে ধৃত উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র আইএনটিটিইউসির সভাপতি দীপঙ্কর ঘোষকে মঙ্গলবার কোমরে দড়ি বেঁধে ও হাতকড়া পরিয়ে উলুবেড়িয়া শিল্পতালুক সহ শহরের বিভিন্ন এলাকায় ঘোরায় পুলিশ। তাকে দেখে এলাকার লোকজন ‘চোর-চোর’ বলে স্লোগান দিতে থাকেন। এর জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়।