সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং - কেউ এসেছেন ভোর তিনটেয়, কেউবা ভোর চারটে! হাতে এক গোছা কাগজপত্র।দীর্ঘ প্রায় এক কিলোমিটার লাইন ঠেলে জমা দিতে হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র। কারণ ভোটার তালিকা থেকে নাম ডিলিট হয়ে গিয়ছে। তাই ভোটের আগেই ভোটার তালিকায় নাম তোলার জন্য সর্বত ভাবে চেষ্টা করছেন ভোটাররা। বেশিরভাগটাই সংখ্যালঘু এলাকার মানুষ। কেউ এসেছে বাসন্তী থেকে আবার কেউবা ঘুটিয়ারি শরীফ থেকে। লাইনে দাঁড়িয়ে সমস্ত কাগজপত্র হাতে নিয়ে জমা দিতে চাইছেন ক্যানিং মহকুমা আদালতে। কারণ সেখানেই নেওয়া হচ্ছে এসআইআর এর নথি। সোমবার থেকে শুরু হয়েছে নথি জমা নেওয়ার কাজ। কিন্তু কোন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসে দেখা করেনি তাদের সাথে। প্রখর রোদ বৃষ্টিতে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তারা নথি জমা দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছেন। ক্যানিং মহকুমা অফিস লাগোয়া ক্যানিং আদালত থেকে লাইন পৌঁছে গেছে মাতলা নদীর সংযোগ রাস্তাতে। ক্যানিং মহকুমা শাসকের অফিসে মনোনয়ন জমা দিতে এসে তাই তাদের সাথে কথা বললেন ক্যানিং পশ্চিমের বিদায়ী বিধায়ক তথা ১৩৮ ক্যানিং পশ্চিমের তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ রাম দাস, জয়নগর কেন্দ্রের সাংসদ প্রতিমা মন্ডল। শুনলেন স্থানীয় মানুষের দুঃখ যন্ত্রণা,দুর্দশার কথা।
এ বিষয়ে প্রার্থী পরেশরাম দাস বলেন, যেভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে তার জবাব মানুষ ভোট বাক্সে দেবেন। সারাদিন কাজ ফেলে অফিস বন্ধ করে সেই রাত থেকে লাইন দিয়ে আছেন। শুধুমাত্র নথি জমা দেওয়ার জন্য। ১৮ বছর থেকে ৮০ বছরের নাগরিক বাদ যায়নি কেউই।
লাইনে দাঁড়িয়ে থাকা কয়েক হাজার পুরুষ মহিলার সাথে কথা বলে জানা গেল তাদের নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে গেছে। তারা ইতিমধ্যে অনলাইনে আবেদনও করেছেন। কিন্তু অনলাইনে আবেদন করার পর অফলাইনে এসে সেই আবেদন রিসিভ করতে হবে। আর তার জন্যই তারা এই লাইন দিয়েছেন। তবে সাংসদ প্রতিমা মন্ডল তাদের বুঝিয়েছেন যদি অনলাইনে আবেদন করে থাকে তাহলে নতুন করে এসে লাইনে দাঁড়াতে হবে না। তাদের সমস্যার সমাধান হয়ে যাবে। সমস্যা যাই হোক এখন হাজার হাজার মানুষকে এসে প্রতিদিন লাইন দিচ্ছে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার জন্য।কেউ কেউ আবার ক্ষীপ্ত হয়ে বলছেন,যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। আমাদের মেরে দিক,না হলে কোথায় পাঠাবে পাঠিয়ে দিক।পূর্ব পূরুষরা ভোট দিয়েছেন,বিগত নির্বাচনে আমরাও ভোট দিয়েছি। তারপরও তালিকায় নাম নেই!যেন পিসি সরকারের যাদু চলছে!
উল্লেখ্য ইতিমধ্যেই ভোটার তালিকার সর্বশেষ অবস্থান প্রকাশ হয়েছে। যেখানে দেখা গেছে সারা পশ্চিমবঙ্গে প্রায় ৯২ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। যাদের মধ্যে আবার বেশ কিছু মানুষ আছেন যারা এতদিন ধরে ভোট দিয়ে আসছেন নির্বাচনে। হঠাৎ করে ভোটার তালিকা থেকে তাদের নাম উঠে যাওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন সেই সমস্ত মানুষজন। সামনে বিধানসভা নির্বাচন এই নির্বাচনে তারা আদৌ ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে বিরাট সংশয়।
দক্ষিণ ২৪ পরগনায় পাঁচ লক্ষ বাইশ হাজার ৪২২ জনের নাম সমস্যা গত কারণে বিচারাধীন ছিল। যার মধ্যে ২ লক্ষ ৯৫ হাজার ৭৩৯ জনের নাম আপাতত ভোটার তালিকায় স্থান পেয়েছে। বাদ পড়েছে ২ লক্ষ ২২ হাজার ৯২৪ জন।